অনলাইন জুয়া চক্রের চার সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের মাধ্যমে প্রতারণা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি গত এক মাসে অর্ধ কোটিরও বেশি টাকার অবৈধ ই-ট্রানজেকশন করেছে বলে প্রাথমিক প্রমাণ মিলেছে।

গত শনিবার রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তাররা হলো অশোক কুমার ঘোষ (৩৬), শফিকুল ইসলাম (৩৫), অনি কুমার রজক (৩৪) ও আব্দুস সালাম মোল্লা লিটন (৩৪)।

এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন বলেন, গ্রেপ্তার চারজন ও তাদের সহযোগীরা বেট৩৬৫, বেটবাজ, ফেয়ার এক্সেঞ্জ৯, ড্রিমজ৪৪৪.কম, স্কাইফেয়ার২৪৭-সহ আরও কিছু সাইট ব্যবহার করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল।