এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্য ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শেষ পর্যন্ত অবশ্য সেই লক্ষ্যটা পূরণ হয়নি। তবে ব্রোঞ্জ পদক জিতেছেন নিগার সুলতানা জ্যোতিরা। একেবারেই কিছু না পাওয়ার চেয়ে এই ব্রোঞ্জ জিততে পারাটা বেশ তৃপ্তি দিচ্ছে তাদের।
হাংজুতে সোমবার পাকিস্তানকে গুঁড়িয়ে মেয়েদের ক্রিকেট ইভেন্টে স্বর্ণ জয় করে বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমরা পদক জিততি পেরে গর্বিত বোধ করছি।’
বাংলাদেশের মেয়েরা পাকিস্তানকে হারিয়েছে ৫ উইকেটে। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৬৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। পরে বাংলাদেশ ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।
ম্যাচের পর জ্যোতি পদক জয়ের তৃপ্তির কথা বলেন এভাবে, ‘প্রত্যেকটা দলই একটা টুর্নামেন্ট খেলতে আসে সর্বোচ্চ যে সম্মান সেটা নিয়ে যাওয়ার জন্য। গত ম্যাচে আমাদের ভুল-ত্রুটি ছিল। রাতারাতি টিমটা যে এতো ভালো কামব্যাক করেছে এটা খুশির ব্যাপার। কোনো কিছু না পাওয়ার থেকে কিছু নিয়ে যাওয়া বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার। আমরা পদক জিততে পেরে গর্বিত বোধ করছি।’
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রত্যাশার কেন্দ্রেই ছিল ক্রিকেট। ২০১৮ সালে সবশেষ আসরে ক্রিকেট ডিসিপ্লিন ছিল না। বাংলাদেশ কোনো পদকও পায়নি। এবার ক্রিকেট ফিরতেই ধরা দিল সাফল্য।
তবে ২০১০ ও ২০১৪ সালের আসরে মেয়েদের ক্রিকেট ইভেন্ট থেকে রুপা জিতেছিল বাংলাদেশ। এবার পদকের রংটা ব্রোঞ্জ-এ নামল। যদিও জ্যোতিরা স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে গেমসে অংশ নিয়েছিলেন। এ প্রসঙ্গে জ্যোতি বলেন, ‘মানুষ রুপার পর স্বর্ণের চিন্তা করে। দেখা যাচ্ছে আমরা একটু নিচে নেমে এসেছি। তবে অন্তত একটা পদক তো নিয়ে যাচ্ছি। আমাদের মনটাও একটু হলেও হয়তো ভালো লাগবে যে খালি হাতে যাচ্ছি না।’
৬৫ রানের লক্ষ্য ছুঁতেও বাংলাদেশকে অবশ্য কষ্টই করতে হয়েছে। মাঝে দ্রুত উইকেট পতনে বিপাকেই ছিল দল। জ্যোতি নিজেও ভালো কিছু করতে পারেননি। তবে অন্যদের ওপর অধিনায়কের বিশ্বাস ছিল, ‘আমি বরাবরই খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখি। সবারই বিশ্বাস ছিল। কারণ আমাদের পরও ভালো ব্যাটার ছিল। আমি এতটুকু ভেবেছিলাম, কেউ না কেউ ম্যাচ বের করে নিয়ে আসবে।’
বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পর ৩৩ বলে অপরাজিত ১৪ রানে ম্যাচ জিতিয়ে ফেরেন স্বর্ণ আক্তার। জ্যোতি কৃতিত্ব দিয়েছেন তাকে। আর ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে হতাশার হারের পর এভাবে কামব্যাক করতে পারাটাও আনন্দের অধিনায়কের কাছে, ‘যেভাবে আমরা কামব্যাক করেছি, এটা অসাধারণ বিষয়। কৃতিত্ব দলের।’
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়ে ৫১ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এদিন টস জিতে ফিল্ডিং নিয়ে সফল। জ্যোতি অবশ্য আগের দিন যা ঘটে গেছে সেটা নিয়ে আফসোস করতে চান না।
এদিনের ম্যাচ নিয়ে বলছিলেন, ‘গতদিনই আমরা সাফার করেছি। উইকেট অনেক বেশি ট্রিকি। সেই সঙ্গে স্পিনটা অনেক বেশি সাহায্য করেছে। আমাদের টিম মোটামুটি স্পিন নির্ভর। সেই দিক থেকে বলব, বোলাররা কন্ডিশনের সুবিধাটা খুব ভালোভাবে নিয়েছে।’