ক’দিন আগে এক সাক্ষাৎকারে লিওনেল মেসি দাবি করেন, বিশ্বকাপ জয়ের পর তার তখনকার ক্লাব পিএসজি থেকে যথাযথ স্বীকৃতি পাননি। তার এই মন্তব্য ফুটবল দুনিয়ায় ঝড় তোলার মতই। যা পিএসজির ম্যাজেনমেন্টের সঙ্গে তার দূরত্বের বিষয়টি পরিষ্কারভাবে ফুটিয়ে তুলে।
মেসির এমন অভিযোগের পর পিএসজির পক্ষ থেকে পাল্টা তোপ আসা অনুমিতই ছিল। হলো সেটাই। মুখ খুললেন পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি।
আরএমসি স্পোর্তের সঙ্গে কথা বলার সময় মেসির দাবি অস্বীকার করেন খেলাইফি বলেন, ‘সবাই দেখেছে (সংবর্ধনা দিয়েছি কি না), কারণ এটার ভিডিও প্রকাশ করা হয়েছিল। মেসিকে নিয়ে আমরা পিএসজির অনুশীলনে উদযাপন করেছি, এমনকি ব্যক্তিগতভাবে আমরা তার সঙ্গে তার বিশ্বকাপ উদযাপন করেছি।’
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। পিএসজি যেহেতু ফ্রান্সের ক্লাব, তাই কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন খেলাইফি।
স্টেডিয়ামে কেন মেসিকে সংবর্ধনা দেওয়া হয়নি সে বিষয়ে এভাবে বলেন, ‘সম্মানের সঙ্গে বলছি, আমরা ফ্রান্সের ক্লাব। স্টেডিয়ামে মেসির বিশ্বকাপ উদযাপন করা অবশ্যই খুব স্পর্শকাতর হতো। যে দেশকে মেসি হারিয়েছে তাদের অবশ্যই আমাদের সম্মান করতে হবে। (পিএসজিতে) তার সতীর্থদের অনেকে ফ্রান্স দলের এবং সমর্থকরা তো বটেই।’