‘খেলা হবে’ শিরোনামে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস। এটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।
এবার জানা গেল, সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার দুই নায়িকা পরীমণি ও শবনম বুবলী। তাদের দুজনকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে পর্দায়। এছাড়াও ছবিটিতে অভিনয়শিল্পীর তালিকায় রয়েছে মুশফিক ফারহান, আবুল কালাম আজাদ, শহিদুল আলম সাচ্চু প্রমুখের নাম।
তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এক প্রজ্ঞাপন থেকে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। সেই প্রজ্ঞাপনে তথ্য মন্ত্রণালয় থেকে ‘খেলা হবে’ সিনেমার আংশিক দৃশ্য ধারণের জন্য ১২জন শিল্পী ও কলাকুশলীর ভারত গমনের অনুমতি প্রদান করা হয়েছে।
একাধিক ঘনিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অক্টোবর থেকে ভারতে ‘খেলা হবে’ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণে টিএম ফিল্মসের পক্ষে ফারজানা মুন্নি ভারতে যাওয়া ও সেখানে শুটিংয়ের অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে অনুমতিও দিয়েছে মন্ত্রণালয়।
এ বিষয়ে কথা বলতে তানিম রহমান অংশুর সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে মুশফিক ফারহানের সঙ্গে যোগাযোগ করলে জানান, তিনি কোনো সিনেমা করছেন না।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমতি দেন। সেই প্রজ্ঞাপনে দেখা যায়, সিনেমার পরিচালকসহ মোট ১২ জনকে ভারতে গিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোট ২৫ দিন ভারতে শুটিং করার অনুমতি পেয়েছেন তারা।