অনেক নাটকীয়তা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত সেই দলে নেই তামিম ইকবাল। তবে আলোচিত মাহমুদউল্লাহ রিয়াদ যাচ্ছেন ভারতে। বিশ্বকাপে টাইগারদের হয়ে মাঠ মাতাবেন তিনি।
দল ঘোষণার আগে থেকেই গুঞ্জন ছিল বিশ্বকাপ দলে থাকবেন না তামিম ইকবাল। কোমরের পেশি জমাট বেধে আছে। ইঞ্জেকশন নিয়ে কোমরের ব্যথা কমানো যাবে তার। সেই ব্যথা যেকোনো সময় আসতে পারে, আবার পুরো বিশ্বকাপ নির্বিঘ্নে খেলেও ফেলতে পারতেন তিনি।
কিন্তু তামিমকে নিয়ে ঝুঁকির পথে হাটেননি নির্বাচকরা। তাকে শতভাগ ফিট দেখতে চেয়েছিলেন তারা। অপেক্ষা করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু তামিম ফিট হতে পারেননি, তাই পরম আরাধনার বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। এ বিষয়ে দল ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
সেখানে তিনি বলেছেন, ‘তামিম কিন্তু অনেকদিন ধরে ইনজুরিতে ভুগছে। এটা আমরা সবাই জানি, আপনারাও জানেন। সে লড়াই করছিল এবং নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরেও পেয়েছে। প্রথম ম্যাচ খেলার পর আবার আবার ব্যাথাটা ফিরে এসেছে। সবকিছু মিলিয়ে ওর ফিটনেসের কথা বিবেচনা করে ইনজুরির যে কনসার্ন আছে সেটা চিন্তা করেই ওকে বিশ্বকাপের দলে রাখা হয়নি।’
সংবাদ সম্মেলনে তামিম বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলবেন এমন শর্ত দিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘না পরিষ্কারভাবে আমরা এই বার্তাটা দিয়ে দেই। আমাদের কাছে এই ধরনের কোনো বার্তা ছিল না। (তামিম) ৫ ম্যাচ খেলবে বা এরকম কিছু ছিল না।’
নান্নু যোগ করেছেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করা হয়েছিল। আমরা সবাই আলোচনা করে ঝুঁকি নিতে পারিনি। কারণ বিশ্বকাপে অনেক দিনের ব্যাপার অনেকগুলো ম্যাচ আছে এবং গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। সুতরাং এই সমস্ত বিষয় বিবেচনা করে ওকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।’
তামিমের না থাকাতে তরুণ ক্রিকেটারদের সুযোগ হিসেবে দেখছে বিসিবি। এই বিষয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা অনেক ওপেনারকে দেখেছি। তানজিদ তামিম অনেকদিন আমাদের হাইপারফরম্যান্স ইউনিটে ছিল এবং ইমার্জিং কাপে ভালো খেলেছিল। সেই সুবাদে সুযোগ পেয়েছে। আমরা আশাবাদী সামনে যদি তাকে সুযোগ দেওয়া হয় সে নিজেকে মেলে ধরতে পারবে। বিশ্বকাপে সুযোগ পেলে নিজের সেরাটা সে বড় মঞ্চে করে দেখাবে।’
এদিকে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে হয়েছে আন্দোলন পর্যন্ত। মানববন্ধন করেছেন তার ভক্তরা। শেষ পর্যন্ত সফলও হয়েছেন তারা। বিসিবির প্রকাশিত ভিডিওতে সবার শেষে ঘোষণা করা হয়েছে তার নাম। রিয়াদকে কেন দলে নেওয়া হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক।
রিয়াদকে নিয়ে নান্নুর ভাষ্য, ‘আগেই বলেছি, বিশ্বকাপের আগে যে কোনো খেলোয়াড়কে যে কোনো সিরিজে দেখব। ও পরিকল্পনাতেই ছিল। পরিকল্পনার অংশ হিসেবেই তাকে আমরা নিউজিল্যান্ড সিরিজে দেখেছি। তার পারফরম্যান্সে আমরা খুশি। দলের প্রত্যাশা মিটিয়ে সে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছে।’