রাঙ্গুনিয়ায় একটি পরিবার সপ্তাহ ধরে একঘরে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নোয়াগাঁও এলাকায় একটি পরিবারকে এক সপ্তাহ ধরে একঘরে করে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। একঘরে ঘোষণার মাধ্যমে ওই পরিবারের লোকজনকে রাস্তাঘাটে বা গাড়িতে চলাচল, স্থানীয় দোকানপাটে কেনাকাটা, মসজিদে নামাজ আদায়, ছেলেমেয়েদের স্কুল-মাদ্রাসায় যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

জানা যায়, নোয়াগাঁও গ্রামের সিরাজুল ইসলাম পরিবারের সঙ্গে অপর একটি পক্ষের জায়গাজমি নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধ সামাজিকভাবে আপসের সিদ্ধান্ত না মেনে সিরাজুল ইসলাম আদালতের আশ্রয় নিলে সমাজের গণ্যমান্যরা ক্ষুব্ধ হন। এর জেরে গত ২০ আগস্ট স্থানীয় একটি মাদ্রাসা মাঠে বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে সমাজের সভাপতি সিরাজুল ইসলাম পরিবারকে একঘরে করার ঘোষণা দেয়।  থানায় অভিযোগ দায়ের করেও রেহাই মিলছে না।

সমাজের সভাপতি মোহাম্মদ শামশুদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ‘জায়গা নিয়ে বিরোধের সামাজিক বিচারের আপসরফার সিদ্ধান্ত না মেনে  সিরাজুল ইসলামের পক্ষ সমাজের প্রতি অপমানজনক আচরণ করেছে।’ রাঙ্গুনিয়া থানার এসআই আবুবকর বলেন, ‘ওই পরিবারের লোকজনের স্বাভাবিক জীবনযাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।’