শেরপুরের শ্রীবরদীতে ফারুক মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীবরদী পৌরসভার জালকাটা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত ফারুক মিয়া ওই গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জালকাটা গ্রামের মৃত জামাল উদ্দিনের দুই ছেলে দুই মেয়ে। কয়েক বছর যাবত তার স্ত্রী জমিলা খাতুন অভাবের কারণে মেয়ে ও বড় ছেলেকে নিয়ে ঢাকায় থাকে। ফারুক একাই বাড়িতে থাকতো। সে মাঝে মধ্যে ভাড়ায় অটোরিকশা চলতো। ফারুক দীর্ঘদিন যাবত নেশাগ্রস্ত। ফলে বিয়ে করলেও বউ তাকে ফেলে চলে যায়। নেশার টাকা না পেয়ে মঙ্গলবার রাতে বসত ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে। পরে আজ বুধবার ভোরে পাশের বাড়ির লোকজন ফারুককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নেশার টাকা নানা পেয়ে বসত ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
স্থানীয় সাবেক কমিশনার শাহ আলম বলেন, সে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সেবন করে আসছে। এখন টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে শ্রীবরদী থানার এসআই রিপন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। তবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।