ইমান ও আমল নিয়ে মরতে চাই: মতিয়া চৌধুরী

ইমান ও আমল নিয়ে মরতে চাই বলে সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় সংসদের সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলার মুজিব শতবর্ষ মঞ্চে ও দুপুরে নকলা উপজেলা মুক্ত মঞ্চে উপজেলায় বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও গোরস্থানে অনুদানের টাকা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, জনগণের জন্য জীবন ও যৌবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার পক্ষে লড়াই করে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছি এবং ভবিষ্যতে আরও উন্নয়ন ও মানুষের সেবা করতে চাই বলে আপনাদের কাছে দোয়া কামনা করি।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও তার ব্যক্তিগত বরাদ্দের জন্য প্রাপ্ত অর্থ এলাকা মসজিদ মন্দির, মাদ্রাসা, গোরস্থানসহ শীর্ষ দশ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ বিতরণ অনুষ্ঠানে নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

এসময় বিশেষ অতিথি ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান প্রমূখ।

মতিয়া চৌধুরী আজ নকলা উপজেলায় ৬৯ লক্ষ ৬৪ হাজার টাকা অনুদান বিতরণ করেন। এর আগে তিনি সকালে নালিতাবাড়ি উপজেলার মসজিদ মন্দির, মাদ্রাসা, গোরস্থানের জন্য ৮৬ লক্ষ ৮৫ হাজার টাকা বিতরণ করেন।