ভুল পদক্ষেপ আমেরিকা অনেক পরে বুঝতে পারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতি অনেকটাই কূটনৈতিক পরিম-লে আবর্তিত হচ্ছে। এ পরিস্থিতিতে বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন অংশীদার বিভিন্ন দেশ ও সংস্থার নানামুখী কর্মকান্ড ও তার প্রভাব নিয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সম্পাদকীয় বিভাগের সাঈদ জুবেরী

দেশ রূপান্তর : ভোটের আগে বিদেশি কূটনীতিকদের তৎপরতা বাংলাদেশে নতুন নয়। এবার জাতীয় সংসদ নির্বাচনপূর্ব রাজনীতিতে বিদেশিদের বিভিন্ন তৎপরতা নিয়ে তুমুল আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

ইমতিয়াজ আহমেদ : এটা তো নতুন না। আগেও হয়েছে, এবারও হচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে মিডিয়ার সংখ্যা যেহেতু অনেক বেড়েছে, তারপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসার ঘটেছে বলে এখন আলোচনা অনেক বেশি হচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু আমি মনে করি এটা নতুন না, এটা কমবেশি আগেও হয়েছে। এখন প্রশ্ন হলো এই ধরনের তৎপরতা বাংলাদেশের গণতন্ত্রে কতটা ভূমিকা রাখতে পারবে। আমাদের বড় বড় যেসব পরিবর্তন হয়েছে, এখন পর্যন্ত যতটুকুই গণতন্ত্র আছে সেসব জনগণের মাধ্যমেই এসেছে, জনগণের স্যাক্রিফাইসের মাধ্যমেই অর্জিত হয়েছে। মনে রাখতে হবে সেটা ৭১ থেকে শুরু করে বড় ধরনের ত্যাগের মাধ্যমে কিন্তু এ দেশের মানুষ গণতন্ত্রের চর্চা করে আসছে। এখানকার জনগণ যেভাবে গণতন্ত্রকে বুঝেছে, তারা সেভাবেই সেটা অর্জন করেছে। এখানে বাইরের শক্তি বিশেষ করে কূটনীতিকদের তৎপরতায় বাংলাদেশের গণতন্ত্র ঠিক হয়েছে তার নজির পাওয়া যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে বিদেশিরা এখন এসব কেন করছে। অনেক দেশই তো আছে যেখানে সেই ধরনের গণতন্ত্র নেই। কিন্তু তাদের সঙ্গে তো যারা এদেশে তৎপরতা দেখাচ্ছে তারা ভালো সম্পর্ক রাখছে। বোঝাই যাচ্ছে যে, এখানে অন্য কারণ থাকতে পারে।   

দেশ রূপান্তর : তারা তো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সুশাসনের মতো বিষয়কে যুক্ত করেছে... 

ইমতিয়াজ আহমেদ : তারা সেগুলোর প্রচার করে। কিন্তু কথা হচ্ছে যে, অনেক দেশেই, যাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে, সেখানে তো সেই ধরনের গণতন্ত্রের চর্চা বলতে গেলে একেবারেই নেই। কিন্তু তারপরও তারা সম্পর্ক রাখে এবং সেখানে গণতন্ত্রের জন্য তাদের কোনো ভূমিকা রাখতেও দেখি না। যেমন পাকিস্তানের কথা যদি ধরি বা মধ্যপ্রাচ্যের একাধিক এমন দেশ রয়েছে যাদের সঙ্গে তাদের বিরাট সম্পর্ক রয়েছে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে এর কারণ কী? হতে পারে যে তাদের উদ্দেশ্য হয়তো সৎ। এটা ধরে নিলেও আপনি যেসব বললেন গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সুশাসন ইত্যাদির জন্য তাদের চেয়ে আমার মনে হয় অভ্যন্তরীণ রাজনীতিই দায়ী। এখানে যেহেতু বড় ধরনের বিভাজন আছে এবং বিশেষ করে যারা অপজিশনে থাকে তারা এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসে, তা সে যে দলেরই হোক না কেন। যখন যারা অপজিশনে থাকে তখন তারা এই বিদেশি কূটনীতিক বা বিদেশিদের একটা হস্তক্ষেপ চান বা তাদের কাছে এসব নিয়ে নালিশ করেন। বিদেশি হস্তক্ষেপ বা তাদের কথা বলার স্পেসটা দেশের রাজনীতিবিদরাই করে দেয়। 

দেশ রূপান্তর : মার্কিন যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের জন্য ভিসানীতির যে ঘোষণা দিয়েছিল সেটা প্রয়োগের পদক্ষেপ নেওয়া শুরুর কথাও জানিয়েছে তারা। তারা তো সেখানে পুলিশ, প্রশাসন, বিরোধী দলের কথাও বলেছে। বিচার বিভাগ, এমনকি সাংবাদিকদেরও এর আওতায় এনেছে। এই ভিসা নিষেধাজ্ঞার চাপ কি কোনো ধরনের প্রভাব ফেলেছে বলে মনে করেন?

ইমতিয়াজ আহমেদ : এটা তো একটা অসম্মানের ব্যাপার। মনে হচ্ছে বাংলাদেশের সবাই একেবারে আমেরিকায় যাওয়ার জন্য রীতিমতো রেডি। সাংবাদিক থেকে শুরু করে পুলিশ, একেবারে সবাই। এই ধারণাটা কেন হয়েছে আমি জানি না।

দেশ রূপান্তর : এই ধারণার কি বাস্তবতা নেই? রাজনীতিবিদ ছাড়া যেসব পেশাজীবীকে ভিসানীতির আওতায় আনার কথা বলা হচ্ছে তাদের বিদেশমুখিতা বা তাদের পরিবারের বিদেশে সেটেল হওয়ার একটা প্রবণতা তো আছেই।

ইমতিয়াজ আহমেদ : কথা হচ্ছে এর পার্সেন্টেজটা কত? আমরা তো ১৭০ মিলিয়ন মানুষের একটা দেশ। আমি যদি সংখ্যা হিসেবে ধরি, সেই দেশের কয়জন আছে যারা বিদেশে চলে যেতে চাচ্ছে। কাজেই এসব কথাবার্তা খুবই হিউমিলিয়েটিং। আমি জানি না তাদের ধারণা কেন হয়েছে, যে বাংলাদেশের সবাই আমেরিকা যাওয়ার জন্য পাগল হয়ে আছে। এই চিন্তাভাবনা বা মানসিকতাটার কথা আমি জানি না। এটা কি তারাই তৈরি করে নিয়েছে নাকি আমাদের লোকেরা তাদের এমন বুঝিয়েছে? সেজন্যই বলছি যে তাদের হয়তো সৎ ইচ্ছা থাকতে পারে যে আমাদের একটা গণতান্ত্রিক কাঠামো হোক। কিন্তু এ ধরনের কথাবার্তায় আমাদের যে বিভাজনের রাজনীতি সেটা কমছে না বাড়ছে? সহজ উত্তর হবে, এটা তো বাড়ছে। এটা তারা বাড়াচ্ছে কেন। এটা কি তারা জেনেশুনেই বাড়াচ্ছে, নাকি না জেনেশুনে বাড়াচ্ছে? সেই জায়গায় আমার মনে হয় একটু চিন্তা করা দরকার। কারণ যেই গণতন্ত্র তারা চাচ্ছে বা যেই গণতন্ত্র আমরা চাচ্ছি সেটা যদি হয় পশ্চিমা কাঠামোর গণতন্ত্র, তাহলে তো প্রথমে দরকার বড় বড় দলগুলোর মধ্যে ন্যূনতম আস্থা। এটা হচ্ছে ন্যূন্যতম শর্ত। এখন এই ন্যূন্যতম শর্তের ব্যাপারে তো তারা কোনো কন্ট্রিবিউট করছে না। আমার শেষ কথা হলো বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের জনগণকেই ঠিক করতে হবে। বাইরের শক্তি এসে এটা ঠিক করে দেবে, এমন নজির পৃথিবীতে নেই। আমাদের মিডিয়া যে একজনকে এত গুরুত্ব দিচ্ছে, দেখা হলেই নির্বাচন নিয়ে প্রশ্ন করছে, এখন তাকে একটা কিছু তো বলতে হবে। তাকে যদি বলা হয়, ভিসানীতিতে কি মিডিয়াও পড়বে, সে স্বাভাবিকভাবেই বলবে যে হ্যাঁ, মিডিয়াও পড়বে। বিভিন্নভাবে এখন যে নাম ছড়ানো হচ্ছে, যেখানে সে বলেছে যে, আমাদের আইনে কোনোভাবেই নাম দেওয়ার সুযোগ নেই। কিন্তু একাধিক পত্রিকা নাম দিয়ে বলে যাচ্ছে অমুকের বিরুদ্ধে স্যাংশন হয়েছে, তমুকের ভিসা বাতিল হয়েছে। আমরা যে এগুলো করছি, এটা তো আত্মঘাতী ব্যাপার। পলিটিক্যালি এক পক্ষ আরেক পক্ষের নাম বলে যাচ্ছে। ফলে বোঝাই যাচ্ছে যে, এটা করে তারা এদেশে বিভাজনটা আরও বাড়াল। আমার মনে হয় তাদের খোলাখুলিভাবে বলা উচিত যে তোমরা যেটা করছ তাতে করে তো বাংলাদেশে কোনোভাবেই গণতন্ত্র বাড়বে না, বরং দিন দিন অবস্থা আরও জটিল হবে। তবে শেষ বিচারে ওই জনগণের ওপরই ভরসা।  

দেশ রূপান্তর : এমন আলাপও রয়েছে যে নির্বাচন কেন্দ্র করে জাতিসংঘের শান্তি মিশনে সেনা সদস্য প্রেরণে এবং পশ্চিমা বিশ্বে গার্মেন্টস পণ্য রপ্তানিতে বাধা আসতে পারে। এর সম্ভাবনা কতটুকু, বাধা আসলে কেমন প্রতিক্রিয়া হতে পারে?

ইমতিয়াজ আহমেদ : কোনোই সম্ভাবনা নেই। কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো এক সদস্যের কারণে এটা বন্ধ হয়ে যাবে না। আমরা ভুলে যাই যে, নিরাপত্তা পরিষদে চীন-রাশিয়াও আছে। বিশ্বে অনেক দেশ আছে যেখানে পশ্চিমা কাঠামোর গণতন্ত্র নেই। যারা এটা বলে প্রচার করছে, তারা এটা কেন করছে সেটা আমার জানা নেই। জাতিসংঘের পিস কিপারদের মধ্যে পাকিস্তানের মতো দেশও রয়েছে। বাংলাদেশ সেখানে এক নম্বরে গিয়েছে তাদের পেশাদারিত্বের কারণে। পিস কিপিংয়ে বাংলাদেশকে নিয়ে যারা প্রশ্ন করে তারা জেনেশুনে করে নাকি না জেনে করে? আর গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নে যে মার্কেট তৈরি করেছে সেটা কোনো মানবিক কারণে হয়নি। এটা খেয়াল রাখতে হবে। এটা একেবারেই ধণতান্ত্রিক প্রিন্সিপাল মেনে হয়েছে। আমাদের থেকে পণ্য নিয়ে তারা বেশি প্রফিট পাচ্ছে বলেই আমরা সেখানে গার্মেন্টস পণ্য রপ্তানিতে অবস্থান তৈরি করতে পেরেছি। আমাদের গার্মেন্টস ওনাররা যতটা না প্রফিট পান সেখানকার ওনাররা আরও অনেক অনেক বেশি প্রফিট পান এখান থেকে পণ্য নিয়ে। আমাদের ওনাররা যদি ৬ ডলার লাভ পান, সেখানকার ওনাররা ৩০ ডলার প্রফিট করেন। এটা একেবারে তাদেরই হিসাব করা। মিয়ানমারের কথা যদি ধরেন, যেখানে আমেরিকা বলছে যে তারা একটা জেনোসাইড করেছে, তারা বার্মা অ্যাক্ট নামে একটা অ্যাক্টও করেছে সেখানে তারা বলেছে কোনোভাবেই মিয়ানমার থেকে ইমপোর্ট বন্ধ করা যাবে না। এটা তাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা আমদানিকারক তাদের চাপেই হয়তো করেছে। ফলে এসব বুঝতে হবে।

দেশ রূপান্তর : সাম্প্রতিক সময়ে নাইজেরিয়া, হাইতি, সুদান ও নিকারাগুয়াকে মার্কিন ভিসানীতির ভেতর দিয়ে যেতে হয়েছে। অনেকের মতে, তাদের ‘গ্লোবাল স্ট্যাটাস ভ্যালু’ বাংলাদেশের চেয়ে কম। তারাই এই ভিসানীতি আমলে নেয়নি, ফলে এ নিয়ে বাংলাদেশের শঙ্কিত হওয়ার কোনোও কারণ নেই। আপনার মত কী?

ইমতিয়াজ আহমেদ : একেবারেই, এটা একটা ভালো প্রশ্ন এবং প্রকৃত উদাহরণ। যেসব দেশে তারা ভিসা রেস্ট্রিকশন দিয়েছে কোনোটাই, কোনোটাই কাজে লাগেনি। এটা যে কেবল এখন তা না, কিউবাতে তারা কত বছর ধরে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই বলে কিউবা কি বসে রয়েছে? ইরান, নর্থ কোরিয়া কি বসে আছে। কথা হচ্ছে যে, এই চিন্তাটা, এটা কেন হয় আমি জানি না। কোন কাঠামোতে এটা আসে সেটা আমি বুঝি না, কারণ আমেরিকাকে বোঝা খুবই মুশকিল। আসলে ওই ধরনের রেস্ট্রিকশন দিয়ে একটা দেশের মধ্যে পরিবর্তন আনার চিন্তাটাই একটা কলোনিয়াল চিন্তাভাবনা। যেখানে বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন, তারা প্রচুর স্যাক্রিফাইস করেছে। তো সেই জায়গায় ভরসা রাখতে হবে। যখন জনগণ চাইবে, বড় রকমের পরিবর্তন তখন কেউ থামাতে পারবে না।

দেশ রূপান্তর : নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ বৃদ্ধির মধ্যে ঢাকা সফর করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ধারণা করা হচ্ছে তিনি পুতিনের বার্তা দিতে এসেছেন। যুক্তরাষ্ট্র যখন চাপ দিচ্ছে তখন রাশিয়ার বার্তা মার্কিন অবস্থানকে নমনীয় নাকি আরও কঠোর করবে?

ইমতিয়াজ আহমেদ : আসলে যে জিনিসটা খেয়াল রাখতে হবে পৃথিবী একটা বহুমাত্রিকতার দিকে যাচ্ছে।

দেশ রূপান্তর : কেউ কেউ মনে করেন, বাংলাদেশকে চীনের আধিপত্যের প্রভাবমুক্ত রাখতে ভূরাজনৈতিক স্বার্থে বাইডেন প্রশাসনের চাপ। এটাও তো বিবেচনায় রাখতে হচ্ছে। আপনার মন্তব্য কী?

ইমতিয়াজ আহমেদ : হ্যাঁ, আমি সেটাই বলছি। বাংলাদেশের যারা এটা বলেন তাদের মেন্টালিটি এখনো কলোনাইজড হয়ে আছে। তারা মনেই করে যে বাংলাদেশকে একটা না একটা বলয়ের মধ্যেই থাকতে হবে। আমরা যেহেতু সবসময় একটা পরাধীনতার মধ্যে থেকেছি, সেহেতু আমাদের মানসিকতাও পরাধীন হয়ে গেছে। আমার মনে হয় না যে একাত্তরের ওই স্বাধীনতা আমাদের মস্তিষ্কে এখনো ঠিকমতো ঢুকতে পেরেছে। কথা হলো এককেন্দ্রিক যে পৃথিবীটা হয়েছিল, সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সেই জায়গাতে পৃথিবীটা এখন নেই। একটা পরিবর্তন হচ্ছে এবং একটা বহুমাত্রিক বা যেটাকে আমরা মাল্টিপোলার ওয়ার্ল্ড বলছি, পৃথিবীটা সেদিকে যাচ্ছে। এবং সেখানে কিন্তু একাধিক দেশের উত্থান বা পুনরুত্থান হচ্ছে। সেখানে চীনের যেমন উত্থান হচ্ছে, ভারতেরও হচ্ছে। টার্কিরও পুনরুত্থান ঘটছে। তারপর সাউথ আফ্রিকা আছে, এখানে রাশিয়ারও একটা পুনরুত্থান হচ্ছে। মাল্টিপোলারে একাধিক দেশ কিন্তু উঠে আসছে। এবং এটা থামানোর কোনো উপায় নেই। সেই জায়গাতে লাভরভের আসা, চীনের সঙ্গে সম্পর্ক করা, ভারতের সঙ্গে বড় আকারে সম্পর্কিত থাকা... এ সবই হলো নিউ নরমাল। এটাকে ওইভাবে দেখা ঠিক হবে না যে ইনি আসছেন, তারমানে আমরা এই বলয়ে চলে যাচ্ছি বা আমরা আমেরিকাকে একটা জবাব দিচ্ছি, তা না। আমাদের সঙ্গে আমেরিকার বহুমাত্রিক সম্পর্ক আছে। একাধিক কাঠামোগত সম্পর্ক তৈরি করা আছে। আমার মনে হয় না, বর্তমান যে সরকার আছে দেশটিতে, তার অপজিশন এভাবে বিষয়গুলো দেখে। দেখা যাবে, যদি রিপাবলিকানরা আগামীতে ক্ষমতায় আসে তাহলে দেখা যাবে পুরো বিষয়টাই পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটাকে নিউ নরমাল হিসেবে স্বাভাবিকভাবেই দেখা দরকার। এটাই স্বাভাবিক যে বাংলাদেশের ওপর একটা এটেনশন তৈরি হচ্ছে, এর কারণ হচ্ছে বাংলাদেশ এই ১৫/২০ বছরে একটা কাঠামো তৈরি করতে পেরেছে, যার একটা ভবিষ্যৎ আছে। ফলে সবাই চাচ্ছে সেই কাঠামোর সঙ্গে পার্টনারশিপ করে যেন প্রফিট করতে পারে। আমরা তো একটা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে বসবাস করছি, এখানে কোনো কাঠামোই আদর্শ না। কম্পিটিশন আছে, আবার কো-অপারেশনও আছে। সেই জায়গায় জাপান যেভাবে চাইবে আমাদের সঙ্গে সম্পর্ক করতে চীনও চাইবে, আমেরিকাও চাইবে এমনকি টার্কি, রাশিয়াও চাইবে। এটাই নিউ নরমাল। এবং আমি মনে করি বিভিন্ন ডেলিগেশন আসাটাও এ কারণে। ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর বাংলাদেশ আসাটাও এর অংশ। আমেরিকার আশা হয়তো আমরা বোয়িং কিনব। কিন্তু আমরা বোয়িং কিনব না এয়ারবাস কিনব, সেই নেগোশিয়েশনটা তো রাখতে হবে। মাল্টিাপোলারাইজেশন, এটাই নতুন বাস্তবতা।     

দেশ রূপান্তর : হঠাৎ করে ড. ইউনূস সামনে আসার কারণ কী? মার্কিন ভিসানীতির পেছনে ফ্রেন্ডস অব ইউনূসের ভূমিকা কতটুকু?

ইমতিয়াজ আহমেদ : এ বিষয়ে আমার কাছে কোনো এভিডেন্স নেই। অ্যাকাডেমিশিয়ানদের এটা একটা সমস্যা। রাজনীতিবিদ হলে একটা কথা বলে দেওয়া যেত। কথাটা হচ্ছে ওনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে আশা করা যায় আদালত বিষয়গুলো দেখবে। আমার মনে হয় না এখানে সরলীকরণ করা ঠিক হবে। ড. ইউনূসের বা তাকে নিয়ে সমস্যাটা অনেক আগে থেকেই ছিল। একেকটা সময়ে আমরা একেকভাবে বিষয়গুলোর সমাধান করতে দেখেছি। তার যে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে থাকার বিষয়টা একভাবে সমাধান হয়েছে। আবার ট্যাক্সের বিষয়টার সমাধান হলো আরেকভাবে। তাই না? তো কথা হচ্ছে গিয়ে এই প্রসেসটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে ছিল। তার কারণেই যে এখন আমেরিকা ভিসানীতি দিয়েছে এটা বেশি সরলীকরণ হয়ে যায়। এটার কোনো এভিডেন্সও নেই, ধরেন এটা নিয়ে যদি কোনো রিপোর্টও হতো, বা এ নিয়ে কেউ বলাবলি করেছে সেটা প্রকাশ পেল তেমনও তো এভিডেন্স এখন পর্যন্ত পাইনি। কারণ, তার প্রতি তাদের সাপোর্ট সবসময়ই ছিল, এটা নতুন না, যেটাকে ফ্রেন্ডস অফ ইউনূস বলা হচ্ছে।  

দেশ রূপান্তর : ভারতের অবস্থান অনেকটা নীরব ছিল। অবশ্য জি-২০ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ ও সেখানে প্রধানমন্ত্রীর তৎপরতার মধ্যে অনেকে এক ধরনের বার্তা খুঁজেছেন। সার্বিকভাবে এখানে ভারতের ভূমিকা কীভাবে ব্যাখ্যা করবেন?

ইমতিয়াজ আহমেদ : একটা হলো ভারতের সঙ্গে এই সরকারের একটা সম্পর্ক তৈরি হয়েছে। এটা এই বিজেপি সরকারের সঙ্গে না, সম্পর্কটা ভারতের সঙ্গে। ভারতের একটা বড় ধরনের কন্সাসনেস তৈরি হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সঙ্গে। সেটা হলো ভারতের অন্যতম যে সমস্যা, বিশেষ করে দেশটির নর্থ-ইস্টের যে জঙ্গিবাদ বা মিলিটেন্সি বা ইনসার্জেন্সি বলি সে বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্সের ফলে তার একটা সমাধান হয়েছে। বলতে গেলে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন এই সরকার করতে পেরেছে। এটা অন্য সরকার করতে পারেনি বরং অন্য সরকারের সময় বিশেষ করে বিএনপির সরকার যখন ছিল, তখন এটা একটা বড় ধরনের সমস্যা তৈরি করেছে।  সেদিক থেকে বাংলাদেশের অন্য রাজনৈতিক দল ভবিষ্যতে সেটা পারবে কি না, তা আমরা জানি না। করে দেখাব, আর করে দেখানোটা তো এক না। যার কারণে জি-২০ তে বাংলাদেশকে ভারতের আমন্ত্রণ জানানোটা খুবই স্বাভাবিক। যারা আগে বলেছিল যে, ভারত বোধ হয় এবার অন্য চিন্তা করছে, আমি মনে করি এক্ষেত্রে অন্য চিন্তা করার অবস্থাই নেই। এটা খুবই স্বাভাবিক আমাদের প্রধানমন্ত্রীকে জি-২০ সম্মেলনে আমন্ত্রণ করা এবং ভারতের পক্ষ থেকে তাকে বড় ধরনের একটা প্ল্যাটফর্ম দেওয়া।

দেশ রূপান্তর : বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি নিয়ে আমাদের এখানে তো বেশ আলোচনা হয়েছে। এই সেলফি ডিপ্লোমেসির কী প্রভাব?

ইমতিয়াজ আহমেদ : পত্রিকায় যেভাবে খবর দেয় সেটা দুঃখজনক। আমেরিকানরাও যারা আছেন তারাও মনে করেন যে, আমার ছবি পত্রিকায় ছাপিয়েছে সেটা তো সাংঘাতিক ব্যাপার। হা হা হা। ফলে, মিডিয়া, অ্যাকাডেমিশিয়ান, গবেষক, টক শোয়ের গেস্ট আমাদের সবারই পেশাদারিত্ব বাড়ানো দরকার যে কোনটা আমরা নিরুৎসাহিত করব আর কোনটা না। সেই জায়গায় আমরা যদি না যেতে পারি, তাহলে মনে হবে যে সাংঘাতিক কিছু একটা হয়ে যাচ্ছে। এই ভিসা রেস্ট্রিকশন, তারপর নানা রকম বিবৃতিকে আমরা যদি কম গুরুত্ব দিতে পারতাম।

দেশ রূপান্তর : গুরুত্বের ব্যাপারটা তো দিপক্ষীয়। বিরোধীরা যেমন ভিসানীতিকে গুরুত্বের সঙ্গে প্রচার করেছে, সরকার দলীয়রাও বাইডেন-হাসিনার সেলফিকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে।

ইমতিয়াজ আহমেদ : কারা কীভাবে কাকে গুরুত্ব দিচ্ছে সেদিকে আমি যাচ্ছি না। কেউ  নেগেটিভলি দিচ্ছে, কেউ পজিটিভলি দিচ্ছে। কথা হচ্ছে, আমি অ্যাকাডেমিশিয়ান হিসেবে বলছি, যে আমরা গুরুত্বটা যদি একটু কম দিতাম তাহলে ভালো হতো। মানে একটা দেশের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলতেই পারেন, সেটা তো অস্বাভাবিক কিছু না। মনে রাখতে হবে, আমাদের প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বয়স্ক সরকারপ্রধান। সেই জায়গাতে তিনি নিজেই তো একটা বড় আকর্ষণ। আমি মনে করি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশের নারী প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিটা বাইডেনও দেখাতে চাইবেন। আমাদের নেগেটিভটা দিয়েই আমরা দেখছি। হয়তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নারী প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিটা বাইডেন তো মধ্যপ্রাচ্যে দেখাতে চাইতে পারে। এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, আমাদের মনে রাখতে হবে যে আমেরিকার সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তারা অনেক সময় অনেক পদক্ষেপ নেয়, সেগুলো যে তারা সব বুঝেশুনে নেয় তা না, সেটা তো পরিষ্কার। আফগানিস্তানের ব্যাপরেই আমরা জানি যে তার পলিসিতে ভুল ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেক বছর পরে তারা বুঝতে পারে যে তারা ভুল পদক্ষেপ নিয়েছে।

দেশ রূপান্তর : নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের গুরুত্ব কতটুকু?

ইমতিয়াজ আহমেদ : আমি মনে করি না যে এর কোনো গুরুত্ব আছে। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আসা না আসায় গণতন্ত্রের তেমন কিছু যায় আসে না। আমি নিজেই ১৯৯৬ সালে পাকিস্তানের নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে গিয়েছিলাম। যে নির্বাচনে নওয়াজ শরিফ জিতল। তাতে কি পাকিস্তানের গণতন্ত্রে বড় কোনো পরিবর্তন হয়েছে? অনেকেই বলবেন যে পাকিস্তানের গণতন্ত্র আরও পেছনে চলে গিয়েছে। কাজেই আমি মনে করি না যে এই আন্তর্জাতিক পর্যবেক্ষক দিয়ে বাংলাদেশের বা যে কোনো দেশের গণতন্ত্র ঠিক করা যায়। আর এখন যে টেকনোলজি তৈরি হয়েছে, তারা আসুক বা না আসুক, এমনিতেই তো খবরাখবর রাখা যায়। আর তারা এসেই বা কী করবে? ভোটের দিনেই তো আর নির্বাচন হয় না। নির্বাচনের যে প্রক্রিয়া, তাতে ভোটের অনেক আগেই কিন্তু নির্বাচন শুরু হয়ে যায়। নমিনেশনের একটা সমস্যা রয়েছে, আমেরিকাতেই তো মিলিয়নিয়ার ছাড়া কেউ নমিনেশন পান না। তো আমেরিকার গণতন্ত্রের মধ্যেই বড় ধরনের ঘাটতি রয়েছে। পাশাপাশি ব্ল্যাক লাইফ ম্যাটারের মতো ইত্যাদি বিষয় আছে। কাজেই ওই ভোটের দিন পর্যবেক্ষণ করে গণতন্ত্রকে ঠিক করা যাবে না। প্রসেসটা অনেক বড়। আমি মনে করি, আমেরিকানদের চেয়ে বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন বিশেষ করে রাজনীতির ব্যাপারে অনেক সচেতন, ঐতিহাসিকভাবেই। তারাই ঠিক করবেন। ওই নির্বাচন পর্যবেক্ষক দিয়ে বা ভিসানীতি দিয়ে এটা ঠিক হবে না, এদেশের জনগণই ঠিক করবেন, যেখানে ঘাটতি আছে।