বরগুনার তালতলীতে পাওনা টাকা চাওয়ায় মো. শুক্কুর মোল্লা (৩২) নামে এক মাছ বিক্রেতার পেটে চুল কাটার কাঁচি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দেনাদারের বিরুদ্ধে। গতকাল রবিবার দুপুরে উপজেলা শহরের বড়বগী ইউনিয়ন পরিষদের সামনে একটি সেলুনের ভেতর এ ঘটনা ঘটে। আহত শুক্কুরকে গুরুতর অবস্থায় বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। তিনি খুলনার লাকুটিয়া এলাকার ইলিয়াস মোল্লার ছেলে। অভিযুক্ত প্রেমাই উপজেলার ঠংপাড়া এলাকার গৌরঙ্গ শীলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমাই শুক্কুরের কাছ থেকে মাছের পোনা কিনে তার পুকুরে ছাড়েন। তখন ৫০০ টাকা বাকি রাখেন। পাওনা টাকা চাইতে গতকাল দুপুরে প্রেমাইর ব্যবসাপ্রতিষ্ঠান সেলুনে আসেন শুক্কুর। এ সময় টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রেমাইর হাতে থাকা চুল কাটার কাঁচি শুক্কুরের পেটে ঢুকিয়ে দেন। পরে স্থানীয়রা শুক্কুরকে উদ্ধার করে প্রথমে তালতলী হাসপাতালে এবং পরে বরিশাল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে প্রেমাই পলাতক রয়েছেন।