ড্রতে পথ কঠিন হলো মায়ামির

লিওনেল মেসিকে ছাড়া ইউএস ওপেন কাপ ফাইনালে হেরেছিল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রবিবার সকালে মেসিকে ছাড়াই মেজর সকার লিগে টানা তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল তারা। নিউ ইয়র্ক সিটির সঙ্গে হওয়া ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তাতে এমএলএস কাপের প্লে-অফ স্পটের পথটা আরও কঠিন হলো দলটির জন্য।

ফ্লোরিডার বিরূপ আবহাওয়ায় নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ম্যাচ। দেরিতে শুরু হওয়া ম্যাচে ইন্টার মায়ামির পারফরম্যান্স ছিল সাদামাটা। গোলের উদ্দেশে ১২টি শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি। বল দখলে মায়ামি এগিয়ে থাকলেও তাদের চাপে রেখে গোল আদায়ের চেষ্টা করে যায় নিউ ইয়র্ক এফসি। প্রথমার্ধে ইন্টার মায়ামি নিতে পেরেছে মাত্র ২টি শট। বিরতির পর মায়ামির খেলায় গতি ফিরলেও ৭৭ মিনিটে সান্তিয়াগো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় নিউ ইয়র্ক। এই গোলেই জয়ের স্বপ্ন দেখছিল পয়েন্ট তালিকার ৮ নম্বরে থাকা দলটি। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে টমাস আভিলেসের গোলে হারের পরিণতি বরণ করতে হয়নি মায়ামিকে। মেসির চোট নিয়ে কোচ জেরার্দো মার্তিনো বলেন, ‘আমি আগেই বলেছি আমরা প্রতি ম্যাচের পর তার অবস্থা বিবেচনা করে দেখব। শিকাগো ম্যাচে আমরা মেসিকে নিয়ে ভাবছি। সেদিন মেসি বেঞ্চে থাকবেন না মাঠে থাকবেন। নাকি সিনসিনাটি ম্যাচে থাকবেন তা দেখা যাক। আলাদা অনুশীলন করছেন তিনি। প্রতিনিয়তই ভালো হয়ে উঠছেন মেসি। সময়ই বলে দেবে আমি যা বলছি সেটাই সঠিক নাকি যারা নানা রিপোর্ট করছেন তারা সঠিক।’ মায়ামির পরবর্তী ম্যাচ শিকাগো ফায়ার এফসির বিপক্ষে।

এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেও প্লে-অফ খেলার পথটা কঠিনই থেকে গেল ইন্টার মায়ামির জন্য।