ভারতের মাটিতে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচই খেলেছেন শাদাব খান। তাও সেটা প্রস্তুতি ম্যাচ। এতে অবশ্য এখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়েছেন তিনি। পাকিস্তান সহ-অধিনায়কের মতে, বিশ্বকাপে কন্ডিশন থাকবে ব্যাটিং সহায়ক। আর তাই ভালো বোলিং আক্রমণের দলকেই এবারের শিরোপার দৌড়ে এগিয়ে রাখছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
গতকাল সাংবাদিকদের সঙ্গে ভারতের কন্ডিশন নিয়ে নিজের ভাবনার কথা বলেন শাদাব। ‘আমি মনে করি, এই বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে ভালো বোলিং বিভাগের দল। কারণ এখানকার উইকেটগুলো ফ্ল্যাট এবং বাউন্ডারি ছোট। আমাদের দলে বিশ্বমানের বোলার রয়েছে এবং আমার মনে হয়, চ্যাম্পিয়ন হতে আমাদের বোলিং বিভাগকে খুবই ভালো পারফর্ম করতে হবে। এখন পর্যন্ত ভারতের কন্ডিশন পাকিস্তানের মতোই মনে হচ্ছে।’