চুরি হওয়া আযানকে পাওয়া গেল মাটিতে পোঁতা

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে বাড়ি থেকে চুরি হওয়ার ৪ দিন পর আজ সোমবার সকালে ২ মাসের শিশু আযানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৬টার দিকে সদরের মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকার বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় পুঁতে রাখা অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

শিশু আযান নারায়নগঞ্জের ফতুল্লা থানার আলীগঞ্জ গ্রামের ট্রাকচালক মো. শরীফের ছেলে। মায়ের সঙ্গে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকার নানা মোহন মিয়ার বাড়িতে থাকত শিশুটি।

সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শিশু আযানের নানা বাড়ির পার্শ্ববর্তী জনৈক ফারুকের বাড়ির পেছনের ডোবায় পুঁতে রাখা অবস্থায় লাশের কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এর আগে গত ২৮ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে শিশু আযানকে ঘরে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান মা শ্রাবণী বেগম। পরে তিনি ঘরে ডুকে দেখেন, তার ২ মাসের শিশু নেই। এ ঘটনায় শিশুর মামা মো. মোক্তার হোসেন সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শিশুর মামা মো. মোক্তার হোসেন অভিযোগ করেন, পাশের বাড়ির রমিজি বেগম এ ঘটনায় জড়িত থাকতে পারে। আজ সকাল থেকে রমিজি বেগমের পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়েছে।