ভাব জমাতে কাকে লাউ খাওয়ালেন কোয়েল?

পূজায় মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত ‘জঙ্গলে মিতিন’। আর এই সিনেমার মাধ্যমেই বহুদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্ট এই নারী গোয়েন্দা অনেক আগেই পাঠকদের মন জয় করে নিয়েছিলেন, পর্দাতে সেই চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন কোয়েল। তাই মিতিন মাসি মানেই দর্শকরা কোয়েলকেই চেনেন।

এই ছবির শ্যুটিং হয়েছে জঙ্গলে। যে কোনও সিনেমার শ্যুটিংয়ের আগেই সহ-অভিনেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা জরুরি। আর কোয়েলও সেটাই চান। সে কারণেই তিনি তার সবচেয়ে বড় সহ-অভিনেতার সঙ্গে কীভাবে বন্ধুত্ব পাতালেন তারই ঝলক শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

কোয়েলের এই সহ-অভিনেতা কিন্তু কোনও মানুষ নয়, বরং একটি বড়সড় হাতি। কোয়েল ভিডিওতে দেখিয়েছেন সারান্ডার জঙ্গলে তিনি কীভাবে হাতিদের সঙ্গে ভাব জমিয়ে ফেলেছিলেন। ভিডিওতে দেখা গেছে, কখনও তিনি হাতির গায়ে-মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আবার কখনও বা ভালোবেসে খাইয়ে দিচ্ছেন লাউ।

এই ভিডিও পোস্ট করে কোয়েল লিখেছেন, শ্যুটিংয়ের আগে সাধারণত আমি আমার প্রতিটি সহ-অভিনেতার সঙ্গে বন্ধুত্ব তৈরি করার চেষ্টা করি। তবে নতুন সহ-অভিনেত্রীর সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। খুব মিষ্টি সহ-অভিনেতাকে পেয়েছিলাম।