ছাদ থেকে পড়ে মারা গেলেন অনীক দত্ত, পুলিশ বলছে আত্মহত্যা

আপডেট : ২৭ মে ২০২৬, ০৪:১৮ পিএম

টলিপাড়ায় আবার শোকের ছায়া। আজ বুধবার (২৭ মে) না ফেরার দেশে পাড়ি জমালেন পরিচালক অনীক দত্ত। দুপুরে খবর আসে, গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। সঙ্কটজনক অবস্থায় দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে পরিচালককে ভর্তি করানো হয়।। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আসে দুঃসংবাদ। 

পুলিশ ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আচমকাই বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় গড়িয়াহাট থানার পুলিশ। হাসপাতালে পরিচালককে দেখতে হাজির হন পরিচালক সৃজিত মুখার্জি, জিতু কামাল সহ টলিপাড়ার আরও অনেক তারকা। 

আবাসনের নীচে যে জায়গায় আছড়ে পড়েছিলেন অনীক, সেখানে সেই সময়ও পড়েছিল চাপ চাপ রক্ত। পুলিশ ওই জায়গাটি এনক্লোজ করে দেয়। খবর পেয়ে পরিচালকের বাড়িতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। 

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে পুলিশ আরও জানিয়েছে, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পূর্ণাঙ্গ না এলে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়।ফলে পরিচালকের মত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা এখনও অব্যাহত। আজ সন্ধ্যায় অনিক দত্তের দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত