মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে বাড়ি থেকে চুরি হওয়ার চার দিন পর গতকাল সোমবার সকালে দুই মাসের শিশু আযানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৬টার দিকে মিরকাদিম পৌরসভার গোপালনগর এলাকার বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার কিনারে পুঁতে রাখা অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রজিমি বেগম (৬০) নামে প্রতিবেশী এক নারীকে আটক করেছে পুলিশ। আযান নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আলীগঞ্জ গ্রামের ট্রাকচালক মো. শরীফের ছেলে। মায়ের সঙ্গে গোপালনগর এলাকার নানা মোহন মিয়ার বাড়িতে থাকত শিশুটি।
সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আযানের নানাবাড়ির পার্শ্ববর্তী একটি বাড়ির পেছনে ডোবার কিনারে পুঁতে রাখা অবস্থায় লাশের একাংশ দেখতে পায় স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, গত ২৮ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে আযানকে ঘরে রেখে প্রকৃতির ডাকে বাইরে যান মা শ্রাবনী বেগম। পরে তিনি ঘরে ঢুকে দেখেন তার দুই মাসের শিশু নেই। এ ঘটনায় শিশুটির মামা মোক্তার হোসেন সদর থানায় লিখিত অভিযোগ দেন।