ডরিয়েলটনের জোড়ায় কক্ষপথে কিংস

ম্যাচের ১৯ মিনিটেই ধারার বিপরীতে গোল খাওয়ার পর মনের কোণে শঙ্কা জেগেছিল। প্রথমার্ধেই সেই শঙ্কা কেটে যায় দুই ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা ও ডরিয়েলটন গোমেজের লক্ষ্যভেদে। দ্বিতীয়ার্ধে ডরিয়েলটন আরেক গোল করে আরও এগিয়ে নিয়েছিলেন বসুন্ধরা কিংসকে। তবে শেষ দিকে ম্যাচে ফিরতে মরিয়া ওড়িশা এক গোল পরিশোধ করে ফের অস্বস্তিতে ফেলে দেয় কিংসকে। তবে ভাগ্য সঙ্গী হওয়ায় এএফসি কাপের গ্রুপপর্বে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। ৩-১ গোলের জয়ে কিংস অ্যারেনায় স্বাগতিকদের অজেয় থাকার রেকর্ড অটুট থাকল। একই সঙ্গে প্রথম ম্যাচে মাজিয়ার কাছে হারের ধাক্কা সামলে কিংস আবারও দেখতে শুরু করেছে গ্রুপসেরা হওয়ার স্বপ্ন। ২৪ অক্টোবর ভুবনেশ^রে মোহনবাগানকে হারাতে পারলে সেরার লড়াইয়ে ভালোই এগিয়ে যাবে কিংস।

মাঠে নামার আগেই কিংস শিবিরে বয়ে গিয়েছিল ঝড়। দলের পাঁচ ফুটবলার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হন। মালে থেকে ফেরার পথে শৃঙ্খলাবহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হয়ে সাময়িক বরখাস্ত হন গোলকিপার আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মণ, ফরোয়ার্ড শেখ মোরসালিন, লেফটব্যাক রিমন হোসেন ও ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। তাদের অনুপস্থিতিতে দল সাজাতে অবশ্য বেগ পেতে হয়নি স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনকে। সাইড বেঞ্চে বরাবরই ভালো শক্তি মজুদ থাকে কিংসের। তবে হুট করেই আন্তর্জাতিক অভিষেক হওয়ায় কিছুটা অপ্রস্তুত ঠেকেছে জিকোর জায়গায় তেকাঠীর দায়িত্ব পাওয়া মেহেদী হাসানকে। দ্বিতীয় গোল হজমের দায় অনেকটাই তার। সেটা বাদ দিলে খুব একটা খারাপ করেননি। শেষ দিকে ভাগ্যও বারবার সহায়তা করায় মাঠের বাইরের ঝড়েও টলেনি কিংস, মাঠ ছেড়েছে মাথা উঁচু করেই।

চুক্তি শেষ হয়ে যাওয়ায় মাজিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেননি ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। সেই তারের পর তড়িঘড়ি তার সঙ্গে চুক্তি নবায়ন করে কিংস। সোমবার মাঝমাঠে শুরুতে একটু নড়বড়ে মনে হলেও সময় যত গড়িয়েছে, স্বরূপে ফিরেছেন মিগেল। তার স্বদেশি রবসন রবিনহো পুরো ম্যাচেই খেলেছেন অসাধারণ ফুটবল। আর ডরিয়েলটন জোড়া গোল করে জাত চিনিয়েছেন। এই ব্রাজিল ত্রয়ীর সঙ্গে আক্রমণে দারুণ সপ্রতিভ ছিলেন রাকিব হোসেন। সুবাদে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করেছে কিংস। ম্যাচের পঞ্চম মিনিটে রবিনহোর অসাধারণ থ্রু ধরে বক্সে ঢুকে কোনাকুনি শট নিয়েছিলেন ডরিয়েলটন, যা ওডিশা কিপার আম্রিন্দার সিং কোনোমতে রুখে দেন। ১৯ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করতে হয় কিংসকে। দারুণ একটা মুভের সফল সমাপ্তি দিয়েছে ডিয়েগো মাউরিসিওর অসাধারণ ফিনিশিং। লালদিনলিয়ানার ডিফেন্সচেরা থ্রু ধরে ডান পায়ের শটে কিপার মেহেদী হাসানকে সহজেই পরাস্ত করেন ব্রাজিলিয়ান মাউরিসিও। ৩২ মিনিটে রবিনহোর দারুণ প্রচেষ্টা রুখে দেন লালদিনলিয়ানা। মিগেলের পাস ধরে বক্সের ডান দিকে ঢুকে কাটব্যাক করেন ডরিয়েলটন। এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে জোরালো শট করেন রবিনহো। তবে শুয়ে পড়ে সেটা ব্লক করেন লালদিনলিয়ানা। ৩৯ মিনিটে রবিনহোর সঙ্গে অসাধারণ বোঝাপড়ায় কিংসকে সমতায় ফেরান মিগেল। এই ব্রাজিলিয়ান বাঁ দিকে পাস বাড়িয়েছিলেন রবিনহোকে। বাইলাইনের কাছ থেকে লালদিনলিয়ানা ও কিপার আম্রিন্দারকে পরাস্ত করে ক্রস ফেলেন ছোট ডি-বক্সে। সেখান থেকে হেড করে ফাঁকা পোস্টে বল জমা করেন মিগেল। প্রথমার্ধের শেষ মিনিটে রাকিবের ক্রসে ডরিয়েলটন হেডে লিড এনে দেন স্বাগতিকদের।

বিরতি থেকে ফিরেও কিংস আক্রমণ জারি রেখে তৃতীয় গোল আদায় করে নেয় দ্রুতই। ৫৪ মিনিটে রবিনহোর নিখুঁত থ্রু ধরে কিপারকে বোকা বানিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ডরিয়েলটন।

২ গোলের লিডে কিংস কিছুটা রক্ষণাত্মক হয়ে খেলেছে। তাতে মাঝমাঠের নিয়ন্ত্রণ চলে যায় ওডিশার কাছে। ব্রুজোনের এই কৌশলটা ভুল প্রমাণিত হয়েছে ওডিশার একের পর এক আক্রমণে; বিশেষ করে ফিজির ফরোয়ার্ড রয় কৃষ্ণা বদলি হিসেবে মাঠে নেমেই আক্রমণের ধার বাড়িয়ে দেন সফরকারীদের। তাতে বেশ কিছু গোলের সুযোগ তৈরি হয়। ৫৮ মিনিটে আহমেদ জাহুর ফ্রি-কিকে রয় কৃষ্ণার হেড সাইড পোস্টে লেগে ফেরে। তিন মিনিট পর কৃষ্ণার আরেকটি প্রচেষ্টা দারুণভাবে ব্লক করেন বিশ্বনাথ ঘোষ। ৬৬ মিনিটে বদলি জেরি লালরিনজুয়ালা ব্যবধান কমান মেহেদীর নড়বড়ে ক্লিয়ারেন্স জালে পাঠিয়ে। গ্রুপের অপর ম্যাচে মাজিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে মোহনবাগান।