পরিবার বিশেষ করে বাচ্চাদের নিয়ে ভ্রমণ করা অনেকের কাছেই জটিল মনে হয়। আবার একা বাচ্চা নিয়ে ভ্রমণ করতে বেশি খরচের চিন্তা করেন অনেকে। তবে কিছু কৌশলে বাচ্চাকে নিয়েই কম খরচে ভ্রমণ করতে পারবেন। আসুন জেনে নেই এমন কিছু কৌশল যেটা করতে পারলে কম খরচে ঘুরতে পারবেন দেশ-বিদেশ।
ভ্রমণে যাওয়ার আগে প্রথমেই যে বিষয়টির দিকে নজর দিতে হবে তা হলো কোন সময়ে ঘুরতে যাচ্ছেন এবং কখন ফ্লাইট বা হোটেল বুক করছেন। বলা হয় ভালো কিছু তার সঙ্গেই ঘটে যে অপেক্ষা করে বা ধৈয্য ধরে। তবে ফ্লাইট বা হোটেল বুকিংয়ের বিষয়ে অপেক্ষা করলে বেশি খরচ গুনতে হবে আপনাকে। বিশেষ করে যখন ভ্রমণকারীদের বেশি চাপ থাকে তখন শেষ সময়ে হোটেল ও ফ্লাইট বুক করতে আপনাকে গুনতে হবে বেশি টাকা।
কম খরচের এয়ারলাইনে ভ্রমণ করতে ঘাবড়াবেন না। এসব বিমানে খুব বেশি সমস্যায় আপনাকে অধিকাংশ সময়ই পড়তে হবে না। আবার অনেকেই জানেন ২ বছরের কম বয়সী শিশুরা বিনা টিকেটেই ভ্রমণ করতে পারে তবে ২ থেকে ১০ বছরের শিশুদের টিকেটে জন্য বিশেষ ছাড় থাকে এয়ারলাইনগুলোতে। তাই বুকিংয়ের আগে একটু কথা বলে নিতে পারেন।
ভ্রমণের সময়ে খুবই অল্প পরিমাণ জিনিস সঙ্গে নিবেন। ফেরার পথে বাড়তি উপহার কিনে ব্যাগ ভারী করবেন না। এতে যাত্রার ক্লান্তি ও খরচ দুটোই কমবে।
দর্শনীয় অনেক স্থানে শিশুদের জন্য টিকেট প্রয়োজন হয় না। এসব বিষয়ে একটু নজর দিলে বাঁচাতে পারবেন খরচ। খাবারের ক্ষেত্রে বড় রেস্তোরাঁয় এড়িয়ে স্থানীয় ক্যাফেটেরিয়া, রেস্তোরাঁগুলোতে খেতে পারেন। স্থানীয় রেস্তোরাঁগুলোতে খরচ সাধারণত কম হয়।
থাকার জন্য হোটেলের পরিবর্তে রেন্টাল হাউসগুলো দেখতে পারেন। হোটেল থেকে রেন্টালে আপনাকে কম খরচ করতে হবে সেইসঙ্গে বাড়তি কিছু সুবিধাও পাবেন আপনি। যেমন এসব বাড়িতে সাধারণত রান্নাঘর থাকে। ফলে খাবার নিজেরাই তৈরি করে নিতে পারেন। আবার লন্ড্রির জন্য বাড়তি টাকা খরচ করতে হবে না আপনাকে। সেইসঙ্গে থাকার জায়গাও পাবেন হোটেল থেকে বেশি।