সমাজের পিছিয়ে পড়া অংশের বসবাস কেওড়াপাড়ায়। গ্রামটিতে একসময় শিক্ষিত মানুষ কমই ছিলেন। কিন্তু শিক্ষার প্রসার, জীবন-জীবিকার পরিবর্তনের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। তাও এতটাই যে এখন গ্রামের নাম নিয়ে অস্বস্তি বোধ করছেন বাসিন্দারা।
কেওড়াপাড়ার নতুন নাম এখন শরৎপল্লী। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় এই গ্রামের অবস্থান। স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের এলাকার ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে। বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে। আর যেসব মেয়েদের বিয়ের সম্বন্ধ আসছে তারাও বিব্রত হচ্ছে কেওড়াপাড়া নামের কারণে।
জানা গেছে, গ্রামের নাম পরিবর্তন করার জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেছিলেন বাসিন্দারা। কিন্তু সাড়া মেলেনি। একপর্যায়ে নিজেরাই অনুষ্ঠান করে গ্রামের নাম পরিবর্তন করে ফেলেন।
কেওড়াপাড়ার বাসিন্দা সিদ্ধার্থ নস্কর বলেন, অনেকেই গ্রামের নাম বদলাতে চাইছিলেন। শিক্ষিত প্রজন্ম গ্রামের নাম বাইরে বলতে তারা লজ্জা পাচ্ছিল। কোনো মেয়ের বিয়ের সম্বন্ধ এলে গ্রামের নাম শুনে অনেকে বিরক্ত বোধ করেন। জমি বিক্রির ক্ষেত্রেও সমস্যা, নাম শুনে অনেকে কিনতে চায় না। সরকার যদি নতুন নাম অনুমোদন দেয় তাহলে আমরা মাথা তুলে গ্রামের নামটা বলতে পারি।
কলেজ ছাত্রী রিয়া হালদার বলেন, গ্রামের নাম বদলে ভালো হয়েছে। মানুষের কাছে গ্রামের নাম বলতে পারতাম না। আবার গ্রামের নাম বললে সবাই হাসহাসি করত।