সাইফের ফিফটিতে বাংলাদেশের কোনোমতে ১১৬

দলের ব্যাটিং বিপর্যয়ে এক প্রান্ত আগলে দায়িত্বশীল ইনিংস খেললেন সাইফ হাসান। তার অধিনায়কোচিত ফিফটিতে মালয়েশিয়ার বিপক্ষে কোনোমতে একশ পার করল বাংলাদেশ।

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বুধবার আগে ব্যাট করে ২০ ওভারে ১১৬ রান করেছে বাংলাদেশ।

দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক সাইফ। ৩ ছক্কা ও ১ চারে তার ৫২ বলের অপরাজিত ইনিংস সাজানো। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে দুটি করে ছক্কা-চারে ১৪ বলে ২৩ রান।

এ ছাড়া ৩ চারে ২১ রান করতে ২৬ বল খেলেন শাহাদাত হোসেন। শেষ দিকে ২ চারে ১৪ বলে ১৪ রান করেন জাকের আলি।

বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৩ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় তারা। ইনিংসের দ্বিতীয় বলে রান আউট হয়ে ডায়মন্ড ডাকের স্বাদ পান মাহমুদুল হাসান জয়। ৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি পারভেজ হোসেন ইমন। জাকির হাসান ৬ বলে ১ রান করে ধরেন সাজঘরের পথ।

এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমে পাল্টা আক্রমণ শুরু করেন আফিফ। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। এক প্রান্তে ধৈর্যশীল ব্যাটিংয়ে দলের রান বাড়াতে থাকেন সাইফ। তাকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে ৪৫ রানের জুতি গড়েন শাহাদাত।

এরপর সাইফ ও জাকেরের অবিচ্ছিন্ন ২৩ বলে ৩০ রানের জুটিতে একশ পার করে বাংলাদেশ।