কোটি টাকার পণ্য নিয়ে চরে আটকা পড়ল ট্রলার

বৈরি আবহাওয়ার কারণে বুধবার (০৪ অক্টোবর) ভোরে ইউরিয়া সারসহ প্রায় কোটি টাকার পণ্য বোঝাই ট্রলার ‘রাজমহল’ সন্ধিপের দক্ষিণে দুর্ঘটনার কবলে পড়েছে। ট্রলারটি চট্টগ্রাম থেকে হাতিয়া আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

অতিরিক্ত পণ্যবোঝাই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় চরে আটকে যায়। উত্তাল ঢেউ ও দমকা বাতাসে ট্রলারে পানি ঢুকায় ট্রলারে থাকা এক হাজার বস্তা ইউরিয়া সার ও মুদি মালামাল পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।

জানা যায়, দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটিতে হাতিয়ার তমরদ্দি বাজারের সারের ডিলার নিজাম চৌধুরীর ৫০০ বস্তাসহ এক হাজার বস্তা ইউরিয়া সার,কীটনাশক ঔষধ ও হাতিয়ার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের অন্যান্য মালামাল রয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোহাম্মদ সুদীপ্ত রেজা বলেন, দুর্ঘটনা কবলিত ট্রলার সম্পর্কে আমরা খোঁজ নিচ্ছি।