বকশিগঞ্জে একসঙ্গে তিন কন্যার জন্ম দিলেন এক মা

জামালপুরের বকশিগঞ্জে তাসলিমা বেগম (২৪) নামে এক মা একসঙ্গে তিন কন্যা সন্তান প্রসব করেছেন। বুধবার (০৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বকশিগঞ্জ পৌর শহরের গোঁয়ালগাঁও মধ্যপাড়া এলাকায় বাবার বাড়িতে ওই তিন সন্তানের জন্ম দেন।

তাসলিমা বেগম ওই এলাকার নীল বাদশার মেয়ে এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমুল, মালাকুচা এলাকার অটো ভ্যান চালক আবদুল হালিমের স্ত্রী।

তাসলিমা বেগমের বাবা নীল বাদশা জানান, কিছুদিন আগে বাচ্চা প্রসবের জন্য তাসলিমা আমার বাড়িতে আসে। আজ সকালে (বুধবার ) প্রসব যন্ত্রণা শুরু হলে স্থানীয়ভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় পর পর তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। তাসলিমা বেগম ও ৩ নবজাতক সুস্থ রয়েছেন। তার ৩ বছর বয়সী আরও একটি ছেলে সন্তান রয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘তিন সন্তান প্রসবের খবর পেয়ে গোয়ালগাঁও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মনিরা বেগমকে পাঠানো হয়েছে। তিনি নবজাতকের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন এবং পরামর্শ দিয়েছেন। মা ও নবজাতকগুলো সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ যে কোন প্রয়োজনে ওই পরিবারের পাশে থাকবে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত জানান, বিষয়টি আমি শুনেছি। মা ও তিন কন্যা সন্তানের খোঁজ নিচ্ছি।