ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় নুরুল আমীন (৩৬) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের জলপাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমীন কাপাসিয়ার টোক নগর গ্রামের মো. জয়নালের ছেলে। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কোঁচেরচর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। নুরুল আমীন দুই ছেলে সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল আমীন বুধবার সকালে মোটরসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের জলপাইতলা এলাকায় পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী জলসিঁড়ি পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার মাথা থেঁতলে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লায়লা আখতার জানান, সড়ক দুর্ঘটনায় আহত নুরুল আমীনকে হাসপাতালে মৃত আনা হয়েছে।
কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।