মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মায় জেলের জালে ধরা পড়েছে দেশীয় প্রজাতির ৫০ কেজি ওজনের একটি ডলফিন (শুশুক)। আজ শুক্রবার ভোরে জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামসংলগ্ন নদীতে জেলে দাদন মালের জালে এটি ধরা পড়ে। পরে সেটি হাসাইল মাছ ঘাটে নিলে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।
স্থানীয়রা জানান, প্রতিদিনই তারা হাসাইল গ্রামসংলগ্ন পদ্মায় দেশীয় প্রজাতির ডলফিন বা শুশুক লাফালাফি করতে দেখে। তবে এগুলো জালে ধরা পড়ে না। তবে জেলে দাদন মালের জালে একটি ডলফিন ধরা পড়ার খবরে ছোট-বড় সবাই ছুটে আসে।
জেলে দাদন মাল জানান, তিনি প্রতিদিনের মতো নিজ গ্রামসংলগ্ন পদ্মায় মাছ শিকারে যান। ভোরের দিকে তার জালে বিশাল আয়তনের মাছ ধরা পড়েছে ভেবে খুশি হন। তিনি জাল ওঠাতে থাকেন। একপর্যায়ে জাল ওঠানো শেষে দেখতে পান একটি ডলফিন। তবে ওঠানোর পরই সেটা মারা যায়।