চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গরু চুরির অভিযোগে মো. মুমিন (৩৮) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার ফরদাবাদ গ্রামে একটি গাছে বাঁধা অবস্থায় মুমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুমিন উপজেলার ফরদাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ফরদাবাদের একটি বাড়িতে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি গরু ডেকে ওঠে। গরুর ডাকে বাড়ির লোকজন জেগে উঠে তাকে ধরে ফেলেন। এ সময় তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে বাঁধা অবস্থায় মুমিনকে উদ্ধার করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহত মুমিনের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাকে স্থানীয়রা ‘মুমিন চোরা’ বলে ডাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।