কুমিল্লার হোমনায় বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে ১৫ মাস বয়সী মানহা আক্তার নামে এক কন্যাশিশু মারা গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। মানহা ওই গ্রামের হাফেজ ওয়ায়েজকুরুনীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শিশু মানহা শুক্রবার সন্ধ্যায় ঘরের ভেতরে খেলা করছিল। হঠাৎ শিশুটি হামাগুড়ি দিতে দিতে ঘর থেকে বের হয়ে যায়। এরই মধ্যে সবার অলক্ষ্যে সে বাড়ির পাশের জমে থাকা পানির গর্তে পড়ে যায়। এক সময় পরিবারের সদস্যদের শিশুটির কথা মনে পড়লে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির উঠানের জমা পানিতে ভাসমান অবস্থায় মানহাকে খুঁজে পায় স্বজনরা। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
হোমনা থানার ওসি জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’