কুমিল্লা কমলাঙ্ক সাহিত্য একাডেমির আয়োজনে দুদিনব্যাপী কমলাঙ্ক সাহিত্য সম্মেলন গতকাল শনিবার শেষ হয়েছে। কুমিল্লা টাউন হল অডিটরিয়ামে গত শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
সম্মেলনে ভাষাবিজ্ঞানী ও গবেষক প্রফেসর ড. মাহবুবুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা, কবি ও প্রাবন্ধিক সৈয়দ হাসমত জালাল। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা কমলাঙ্ক সাহিত্য একাডেমির সভাপতি প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী, অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি বদরুল হুদা জেনু।
সম্মেলনের শুরুতে প্রবন্ধ ও গবেষণায় শান্তি রঞ্জন ভৌমিক, কবিতায় নাসরিন নঈম, শিশুসাহিত্যে জাহাঙ্গীর আলম জাহান ও কথা সাহিত্যে প্রশান্ত মৃধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দ্বিতীয় দিনে ‘বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ : স্বরূপ ও প্রকৃতি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। বক্তব্য রাখেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ মাওলা, কবি ও প্রবন্ধিক গোলাম কিবরিয়া পিনু। সম্মেলনে বাংলাদেশ ও ভারতের কবি সাহিত্যিকরা অংশ নেন।