শ্রীমঙ্গলে বিরতিহীন ট্রেন চালুর দাবি

সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আন্তঃনগর বিরতিহীন ট্রেন ও বিভিন্ন সেবা দ্রুত চালুর দাবিতে মৗলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী দুটি আন্তঃনগর বিরতিহীন ট্রেন দ্রুত সময়ে চালু করতে হবে। আখাউড়া-সিলেট ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত ব্রডগেজের কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। পারাবত এক্সপ্রেসের পুরাতন জরাজীর্ণ কোচগুলোর পরিবর্তে নতুন কোরিয়ান কোচগুলো প্রতিস্থাপন করতে হবে।