রোহিতের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে অজিদের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবার সুযোগ হয়েছে রোহিত শর্মার। ব্যাট হাতে গত বিশ্বকাপে ভারতের সেরা পারফর্মার রোহিতের সামনে এই ম্যাচে অপেক্ষা করছে একটি বিশ্বরেকর্ড গড়ার। আর সেটি হলো আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর।

এই ম্যাচে স্টার্ক-কামিন্সদের বিপক্ষে মাত্র তিনটি ছক্কা হাঁকাতে পারলেই ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকে ছাপিয়ে যাবেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫৩টি ছক্কার মালিক গেইল। রোহিত আছেন তালিকার দুইয়ে, ৫৫১টি ছক্কা নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫১টি ম্যাচ খেলে ৪৭১ ইনিংসে এ কীর্তি গড়েছেন তিনি।

পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে রোহিতের ছক্কার সংখ্যা ২৯২টি। আর মাত্র ৮টি ছক্কা হাঁকালে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩০০ ছক্কার মালিক বনে যাবেন ভারতের অধিনায়ক।