সেঞ্চুরির পর এবার ‘গোল্ডেন ডাক’ মারলেন রোহিত শর্মা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় রাউন্ডে গোল্ডেন ডাক মেরেছেন রোহিত শর্মা। শুক্রবার জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে উত্তরাখণ্ডের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে ওপেন করতে নেমে মাত্র এক বল খেলেই তিনি প্যাভিলিয়নের পথ ধরেন। অথচ প্রথম ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ঝলমলে সেঞ্চুরি।

টস জিতে উত্তরাখণ্ড প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে বোলার বোরার বলে নিজের প্রিয় পুল শট খেলতে গিয়ে জগমোহন নাগরকোটির হাতে ক্যাচ দেন রোহিত। গ্যালারিতে সকাল থেকেই অপেক্ষায় থাকা দর্শকদের জন্য এটি ছিল বড় ধাক্কা। কারণ এই টুর্নামেন্টে তার খেলার কথা ছিল মাত্র দুটি ম্যাচ। তাই রোহিত এভাবে আউট হওয়ায় হতাশ দর্শকরা।

এক দশকেরও বেশি সময় পর ঘরোয়া একদিনের ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়ে আলোচনায় ছিলেন রোহিত শর্মা। প্রথম রাউন্ডে সিকিমের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে সেই প্রত্যাবর্তন রাঙিয়েছিলেন তিনি। মাত্র ২৮ বলে ফিফটি করার পর ইনিংসটি তিনি নিয়ে যান ১৫৫ রানে। তার ৯৪ বলের সেই বিধ্বংসী ইনিংসে ছিল ১৮টি চার ও ৯টি ছক্কা। তার ব্যাটিংয়েই মুম্বাই মাত্র ৩০ ওভারেই লক্ষ্য তাড়া করে জয় পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত