শ্রীলঙ্কার জরিমানা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় হারের হতাশার সঙ্গে শাস্তিও পেল শ্রীলঙ্কা। মন্থর (স্লো) ওভার রেটের কারণে দলের সব খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ কেটেছে আইসিসি।

আইসিসি আজ এক বিবৃতিতে লঙ্কানদের শাস্তির বিষয়টি জানায়। দিল্লিতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে এইডেন মার্করাম, কুইন্টন ডি কক, ফন ডার ডুসেনের সেঞ্চুরির সুবাদে ১০২ রানে জেতে প্রোটিয়ারা।

ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। আইসিসির নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করার বিধান আছে।

শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা দায় স্বীকার করে শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।