রুমানার প্রাণ নিল স্বামীর ধারাল ছুরি

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে স্ত্রী রুমানা আক্তার (২০)। রবিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার জেরে নিহতের শাশুড়ি নাসিমা বেগমকে (৪৫) আটক করেছে পুলিশ। স্বামী নাদিম দেওয়ান (৩৫) পালিয়েছে। নিহত রুমানা সদরের বাঘাইকান্দি গ্রামের রুহুল আমিনের মেয়ে ও স্বামী নাদিম একই গ্রামের আক্তার দেওয়ানের ছেলে।

স্থানীয়রা জানান, ২০২০ সালে পারিবারিকভাবে বাঘাইকান্দি গ্রামের রামানা ও নাদিমের বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে একটি ছেলে সন্তান রয়েছে। রবিবার দিবাগত রাতে তুচ্ছ ঘটনা নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় স্বামী নাদিম ধারালো ছুরি দ্বারা স্ত্রী রুমানাকে আঘাত করে। পরে স্থানীয়রা দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, পারিবারিক তুচ্ছ ঘটনায় স্বামী নাদিম হোসেন তার স্ত্রী রুমানা আক্তারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। রুমানা আক্তারের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।