'খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরামি শুরু করেছে'

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক অজিজুল বারী হেলাল বলেছেন, খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন অবস্থায়। অথচ ফ্যাসিস্ট তাবেদার সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক নোংরামি শুরু করেছে।

বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (৯ অক্টোবর) খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলাল বলেন, আমেরিকার সাথে তলে তলে সম্পর্ক ভেস্তে গেছে। আওয়ামী লীগের উন্নয়নের থলের বিড়াল বেড়িয়ে গেছে। তারা (সরকার) চরম বার্তা পেয়েছে, ক্ষমতা তাদের ছাড়তেই হবে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতেই হবে। যারা আমেরিকায় টাকা পাচার করে বিত্ত বৈভবের মালিক হয়েছেন তাদের বিচার সেদেশের আইনেই হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান। মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স.ম আ. রহমান, সাইফুর রহমান প্রমূখ। সমাবেশ বিক্ষোভ মিছিল শুরু হয়ে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। এদিকে দুপুর ২টা থেকে বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্লাকার্ড, ব্যানার ও দলীয় পতাকা নিয়ে মিছিল সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হন।