ময়মনসিংহের ভালুকায় দিনদুপুরে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুরে উপজেলার বাটাজুর গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কাচিনা ইউনিয়নের বাটাজুর গ্রামের আব্দুর রশিদের বড় মেয়ে বাটাজুর বি এম উচ্চ বিদ্যালয়ের (ভকেশনাল) ৯ম শ্রেণির ছাত্রী রাকিয়া সুলতানা রিয়া (১৫) দুপুর সোয়া ১২টার দিকে বাড়ি থেকে টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যাওয়ার পথে রাস্তায় অজ্ঞাত ব্যক্তি এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায়।
নিহত রিয়ার মা মাজেদা বেগম বলেন, বছরখানেক আগে টাঙ্গাঈলের সখীপুরের বগারবাঈদ বড় মৌছা গ্রামের মানিক মিয়ার ছেলে সৌদিপ্রবাসী রিপন মিয়ার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রিয়ার স্বামী আবার সৌদি চলে যায়। স্বামী-শাশুড়ি আমার মেয়েকে সব সময় নির্যাতন করত বলে মেয়েকে আর স্বামীর বাড়ি যেতে দেব না জানিয়ে দিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে মেয়ের স্বামীর বাড়ির লোকজন রিয়াকে হত্যা করেছে।
অপরদিকে, ছেলের জন্মদিনের অনুষ্ঠানে বাবা-মাকে দাওয়াত না করায় মুন্সীগঞ্জ সদরে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে স্ত্রী রুমানা আক্তার (২০)। গত রবিবার রাত ১টার দিকে জেলা সদরের চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়েছে স্বামী নাদিম দেওয়ান (৩৫)। এ ঘটনায় পুলিশ শাশুড়ি নাসিমা বেগমকে আটক করেছে। নিহত রুমানা বাঘাইকান্দি গ্রামের রুহুল আমিনের মেয়ে ও স্বামী নাদিম একই গ্রামের আক্তার দেওয়ানের ছেলে।