সৌদি লিগে দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ!

ইউরোপিয়ান ফুটবলে লম্বা একটা সময় ধরে চলেছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বৈরথ। স্প্যানিশ দুটি ক্লাবে দীর্ঘ দিন খেলেছেন দুইজন। আর্জেন্টাইন তারকা খেলতেন বার্সেলোনায় আর পর্তুগিজ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদে। কিন্তু সময়ের পরিক্রমায় এখন যুক্তরাষ্ট্রে খেলছেন মেসি আর রোনালদো মাঠ কাপাচ্ছেন সৌদি আরবে।

দুইজনের দ্বৈরথের নতুন অধ্যায় শুরু হওয়ার দারুণ একটি সম্ভাবনা তৈরি হয়েছে। গণমাধ্যমের খবর, মেসিকে সৌদি প্রো লিগে খেলানোর জোর চেষ্টা চালাচ্ছে প্রতিযোগিতারটির আয়োজকরা।

বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে খেলা মেসির নতুন ঠিকানা এখন মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু মায়ামি এমএলএসের প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে। প্রতিযোগিতাটির নতুন মৌসুম শুরু হবে আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। মাঝের এই সময়ে জাতীয় দলের ম্যাচ ছাড়া অবসরই থাকবেন মেসি।

এই সুযোগটিই কাজে লাগাতে চাইছে সৌদি প্রো লিগের কর্তারা। মেসিকে ৬ মাসের জন্য ধারে সৌদি আরবে লিগে নেওয়ার জন্য মায়ামির সঙ্গে নাকি আলোচনা করছে তারা। গুঞ্জন সত্যি হলে, আবারও দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ। কিংবা প্রথমবারের মতো একই ক্লাবে খেলে সবাইকে চমকে দেবেন তারা। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো।

এখন বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন মেসি। আগামী ১৩ অক্টোবর প্যারাগুয়ে ও ১৮ অক্টোবর পেরুর বিপক্ষে খেলবে ২০২২ সালের বিশ্বকাপ জয়ীরা।