নড়াইলে কলেজছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নড়াইল নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র যুবরাজ দাসের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবরাজ নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে নার্সিং কলেজ সংলগ্ন শহরের ভওয়াখালীর ভাড়া বাসা থেকে সিলিং ফ্যানের ঝুলন্ত থাকা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নড়াইল নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র যুবরাজ দাস ও তার চার সহপাঠী মিলে কলেজের পাশের একটি বাসা নিয়ে থাকতেন। বুধবার দুপুরে যুবরাজের বন্ধুরা বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে না পেয়ে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে সদর থানা পুলিশকে খবর দেন তারা। পুলিশ রুমের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।