কাপড়ের ব্যবসা আড়ালে মাদক পাচার করতেন রাজীব

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ‘আইস’ নামক বিপদজনক মাদকসহ রাজীব হোসেন খান (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ছোটবাইশদিয় ইউনিয়নের হরিদ্রাখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ গ্রাম আইস। গ্রেপ্তারকৃত রাজীব জেলার বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রাজীব ঢাকাতে কাপড়ের ব্যবসা করে। সে কাপড়ের ভেতরে লুকিয়ে মাদক রাঙ্গাবালীতে নিয়ে এসে অপর ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো। মঙ্গলবারও রাজীব মাদক নিয়ে রাঙ্গাবালী আসে এবং হরিদ্রাগ্রামে তার শ্বশুর বাড়িতে ওঠে। গোপন সূত্রে এমন খবর পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজীবকে মাদকসহ গ্রেপ্তার করে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানায়, গ্রেফতারকৃত রাজীব একজন মাদক ব্যবসায়ী এবং এই প্রথম বার বিপদজনক মাদক উদ্ধার হলো। রাজীবের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।