ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন খালা-ভাগনে

খালা চম্পা রানী রায়ের মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন ৫ বছরের শিশু জয়। ঘুরে আর বাড়ি ফেরা হলো না শিশু জয়ের। বাড়ি ফেরার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু জয় ও তার খালা চম্পা রানী রায়ের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ১টায় দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জয় বোচাগঞ্জ উপজেলার আনোড়া গ্রামের বিশ্বজিতের ছেলে ও চম্পা রানী রায় (২২) একই উপজেলার জালগাঁও গ্রামের স্বদেব চন্দ্র রায়ের কন্যা।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোটরসাইকেলে বোনের ছেলে জয়কে সাথে নিয়ে বাড়িতে ফিরছিল চম্পা রানী। পথে মালবোঝাই সৌদিয়া এন্টারপ্রাইজের একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তারা মোটরসাইকেল থেকে পড়ে যায় এবং ট্রাকটির চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই চম্পা রানীর মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা দ্রুত শিশু জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোচাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল জানান, দুর্ঘটনার স্থানীয়রা ঘাতক ট্রাক, চালক ও সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।