ঢাবিতে ভুয়া শিক্ষার্থী আটক, ধরা পড়ার পর নিজেকে এনএসআই কর্মকর্তা দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগে ভুয়া শিক্ষার্থী পরিচয়ে ক্লাস করতে গিয়ে ধরা পড়েছেন এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম আল সানি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী পরিচয়ে সমাজবিজ্ঞান অনুষদ ভুক্ত সমাজবিজ্ঞান বিভাগে গত সেপ্টেম্বর মাস থেকে বেশ কয়েকদিন ক্লাস করেছেন।

বুধবার বিভাগের ক্লাস চলাকালীন হাতেনাতে ধরা পড়েন ওই শিক্ষার্থী। পরে বিভাগের চেয়ারম্যানের নিকট নিজেকে এনএসআই কর্মকর্তা বলে পরিচয় দিলে এনএসআই সূত্র মিলিয়ে দেখার পর তার মিথ্যা প্রমাণিত হওয়ায় শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী আটককৃত ওই শিক্ষার্থীর নাম আল সানি। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদরের কালিকাপুর এলাকার মহিলা কলেজ পাড়ায়৷

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, আল সানি নামে ওই ছেলেটি আমাদের সমাজবিজ্ঞান বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের সঙ্গে বেশ কয়েকদিন ক্লাস করেছে। এক পর্যায়ে শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা বিভাগীয় চেয়ারম্যানের কাছে বিষয়টি জানান। পরে ভর্তি সংক্রান্ত কর্মকর্তারা জানান এ নামে কোনো শিক্ষার্থী উক্ত বিভাগে ভর্তি হয়নি। পরে বুধবার ক্লাস চলাকালীন সময়ে তাকে হাতেনাতে ধরা হয়। এসময় সে নিজেকে এনএসআই কর্মকর্তা বলে পরিচয় দিলে এনএসআই সূত্র মিলিয়ে দেখা যায় তার এ দাবি মিথ্যা।

ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো মামলা হবে কি না এমন প্রশ্নে ঢাবি প্রক্টর বলেন, যেহেতু এখন পর্যন্ত তার উদ্দেশ্য জানা যায়নি, এবং সাধারণ শিক্ষার্থীদের মতই সে ক্লাসে এসেছে তাই এ বিষয়ে এখনো কিছু বলতে পারছি না।

ঢাবিতে কর্মরত গোয়েন্দা সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী আসলে এনএসআইয়ের কেউ না। সেপ্টেম্বর মাস থেকে তিনি নবীন শিক্ষার্থীদের সাথে ক্লাস করে। সপ্তাহ খানেক আগে সহপাঠীদের সন্দেহ হলে তারা বিভাগের চেয়ারপারসনের কাছে বিষয়টি জানালে বুধবার তাকে চেয়ারপার্সনের রুমে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি নিজেকে এনএসআই কর্মকর্তার পরিচয় দেন।

এ বিষয়ে জানতে চেয়ে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সাদেকা হালিম ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদকে একাধিকবার ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি।