নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে তিন বিদেশি সাক্ষীর অনুমতি দিয়ে বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই সম্পূরক আবেদনটি করেন আইনজীবী কায়সার কামাল।
গত ১৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন বিদেশি সাক্ষীকে সাক্ষ্যদানের অনুমতি দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৯। সাক্ষীরা হলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) অবসরপ্রাপ্ত সুপারভাইজরি স্পেশাল এজেন্ট মিসেস ডেব্রা ল্যাপ্রেভোট গ্রিফিথ, রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ।
ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, ‘এই মামলায় নথি দেখে সাক্ষ্য নেওয়া বন্ধে একটি আবেদন আগেই করা ছিল। এখন বিদেশি সাক্ষীদের আনার প্রক্রিয়া চলছে। অ্যাটর্নি জেনারেল আইনের বিধানের বাইরে গিয়ে দুদকের এ মামলায় যুক্ত হয়েছেন। আমরা বিদেশি সাক্ষীদের বিষয়ে আপত্তি জানিয়ে একটি আবেদন করেছি।’ গত ১৯ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলায় প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে।