সাংবাদিকদের সিইসি

নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সংঘাত নিয়ে সতর্ক করব

নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কার বিষয়ে সরকারকে কঠোরভাবে সতর্ক করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘নির্বাচনোত্তর হোক, নির্বাচনোত্তর না হোক, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর থাকে। যদি এটা না হয় এর দায়দায়িত্ব তারাই বহন করবে।’

গতকাল বুধবার নির্বাচন ভবনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংঘাত বা সহিংসতার আশঙ্কা করে সিইসির কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘বৈঠকে তারা বলেছেন বাংলাদেশে অনেক সময় নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় বা সাম্প্রদায়িক সংঘাত ও সহিংসতা হয়েছে। এখনো ওনারা আশঙ্কা করেন, আগামীতেও এ ধরনের সাম্প্রদায়িক সংঘাত বা সহিংসতা হতে পারে।’