বিচারপতিকে কটূক্তি

দিনাজপুর পৌরসভার মেয়রকে ১ মাসের জেল

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা দিয়েছেন আদালত। আগামী ৭ দিনের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যাথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

এছাড়া যদি ১ লাখ টাকা পরিশোধ না করেন তবে আরও সাতদিনের কারাদণ্ড ভোগ করতে হবে মেয়র জাহাঙ্গীরকে। এ সময় আপিল বিভাগ বলেন, তিনি যে ক্ষমা চেয়েছেন তা গ্রহণযোগ্য নয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে একটি ইউটিউব চ্যানেলে জাহাঙ্গীর আলমের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছেন আদালত।

গত ১৭ আগস্ট জাহাঙ্গীর আলমের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করে তাকে তলব করে দেশের সর্বোচ্চ আদালত। আদালত অবমাননার জন্য জাহাঙ্গীরকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে তাকে কারণ দর্শাতেও বলেন আপিল বিভাগ। গত ২৪ আগস্ট সকাল ৯টায় তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভিডিও অপসারণ করতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।