চুয়াডাঙ্গার দর্শনা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় ছয়টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সোনার বারগুলো যাত্রীর পায়ুপথ থেকে উদ্ধারের কথা জানায় বিজিবি।
বুধবার জয়নগর চেকপোস্ট এলাকা থেকে পাসপোর্ট ধারী ওই যাত্রীকে আটক করা হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
আটক মো. সোহাগ (২৩) শরিয়তপুরের জাজিরা থানার আলী মাতব্বরকান্দি গ্রামের গোলাম মাওলা মাতব্বরের ছেলে। রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, জয়নগর চেকপোস্ট দিয়ে সোহাগ ভারত যাওয়ার চেষ্টা করেন। গতিবিধি সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাকে আটক করে ব্যাগ তল্লাশি করেন।
ব্যাগে কোনও কিছু পাওয়া না গেলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে পায়ুপথে কিছু বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে তার পায়ুপথ থেকে ছয়টি সোনার বার বের করা হয়।
জব্দ করা সোনার বারের ওজন ৭০০ গ্রাম; যার আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা। এ ছাড়া সোহাগের কাছ থেকে ভারতীয় ৮২৪ রুপি, চার হাজার ৮০০ টাকা ও একটি আইফোন জব্দ করেছে বিজিবি।
এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে আটকের বিরুদ্ধে মামলা দিয়ে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।