রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশেষায়িত স্পোর্টস ক্লিনিক খোলা হয়েছে। এখন থেকে এই ক্লিনিকে খেলোয়াড়রা প্রয়োজনীয় জরুরি চিকিৎসা, জটিল অপারেশনসহ সর্বাধুনিক চিকিৎসা পাবেন। প্রতি শনিবার বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের নিচতলায় ফিজিক্যাল মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা এই সেবা দেবেন।
গতকাল বৃহস্পতিবার বিএসএমএমইউ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন যৌথভাবে পরিচালিত এই ক্লিনিকের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের সভাপতি ও বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, এই ক্লিনিক দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য মাইলফলক। এর মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের সব ফেডারেশনকে একই ছাতার নিচে নিয়ে এসে ক্রীড়াবিদদের চিকিৎসা সহায়তা দিতে পারবে। এই ক্লিনিকের কার্যক্রম ও পরিসর বৃদ্ধি করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বাংলাদেশে খুব শিগগিরই ডোপ টেস্টের ব্যবস্থা হবে। উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যৎ স্পোর্টস মেডিসিনের ওপর উচ্চতর ডিগ্রি চালু করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় বিশেষজ্ঞ তৈরি করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন দেশে ১৯৮২ সাল থেকে কাজ করছে।