বিশ্বকাপ দলে তামিমের না থাকার কারণ খুঁজছেন কুম্বলে

দলের সবচেয়ে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তাকে ছাড়াই কিনা বিশ্বকাপের মতো আসরে খেলতে চলে গেল বাংলাদেশ। অনেকের মতোই অবাক হয়েছেন অনিল কুম্বলে। ভারতের সাবেক অধিনায়ক, বুঝতেই পারছেন না প্রতিবেশী দলের এমন সিদ্ধান্তের পেছনের কারণ।

২০২১ সাল থেকে ওপেনিংয়ে গড়ে সবচেয়ে বেশি রান করেছে বাংলাদেশ, ৪৮ ম্যাচে ২৯.৭ গড়ে ১৩৯৬। কিন্তু এই ওপেনিং পজিশন নিয়েই হয়েছে অনেক পরীক্ষা-নিরীক্ষা, হচ্ছে এখনও। তবে বিশ্বকাপে এসে এমন পরীক্ষা-নিরীক্ষার ফল যে ভালো কিছু হয় না, সেটা মনে করিয়ে দিয়েছেন কুম্বলে।

ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজের সঙ্গে আলাপে বাংলাদেশের অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার সমালোচনা করেছেন কিংবদন্তি এ লেগ স্পিনার, ‘বিশ্বকাপে আপনি যখন খেলেন, বেশির ভাগ ক্ষেত্রে আপনাকে স্থিতিশীল সমন্বয়ের মধ্যে থাকা উচিত। সেটা বিশ্বকাপের আগেই হয়ে যাওয়া উচিত। কিন্তু আপনি যদি বিশ্বকাপে এসে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন, তবে সেটা অনেক মুশকিলের ব্যাপার।’

তামিমের মতো অভিজ্ঞ একজনকে রেখে তরুণ একজনের ওপর বাংলাদেশের ভরসা করার ব্যাখ্যা নেই ভারতের সাবেক কোচ কুম্বলের কাছে, ‘তানজিদ বিশ্বকাপে দুই ম্যাচে ওপেন করেছে। অথচ তামিম ইকবাল অনেক অভিজ্ঞ ওপেনার। তাকে না নিয়েই চলে এসেছে তারা। তাকে বলা হলো, খেলতে হলে মিডল অর্ডারে খেলতে হবে। অন্য দিকে মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে এসে সেঞ্চুরি করল। এরপর আগের ম্যাচ তাকে দেখলাম ৫ নম্বরে খেলতে। বুঝতেছি না দলটায় কি হচ্ছে! ওরা এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে। আপনি যদি বিশ্বকাপেই এত পরীক্ষা-নিরীক্ষা করেন, তবে সমস্যায় পড়তে হবে।’

এরপরও বাংলাদেশ দলকে যথেষ্ট ভালো বলেই মনে করছেন কুম্বলে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শও দিয়েছেন এই কিংবদন্তি, ‘তাদের দল কিন্তু খুব ভালো। দলটি দারুণ অভিজ্ঞও। মুশফিকুর, মোস্তাফিজুর, সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। এ ছাড়া নতুন খেলোয়াড়েরাও বেশ ভালো করছে। শান্ত অনেক বড় মাপের খেলোয়াড়। মেহেদী হাসানও ভালো খেলোয়াড়। হৃদয়কেও আমার ভালো লাগে।’

‘কিন্তু দলটিতে পরীক্ষা-নিরীক্ষা অনেক বেশি হয়েছে। বিশ্বকাপে লড়াই করতে হলে স্থির হতে হবে। বিশেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে আপনাকে স্থিতিশীলতা দেখাতে হবে। কারণ, নিউজিল্যান্ড অনেক পেশাদার দল। তাই পরীক্ষা-নিরীক্ষা থেকে দূরে থেকে স্থিতিশীল সমন্বয় প্রদর্শন করতে হবে।’

চেন্নাইয়ের স্পিনবান্ধব উইকেটে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের বাংলাদেশের ভালোই সম্ভাবনা দেখছেন কুম্বলে।