বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) রাসেল হাওলাদার (৩৫) ও তার স্ত্রী শিরিন বেগমকে (৩০) ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার লামছড়ি গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল উত্তর লামছড়ির তোফায়েল হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লামছড়ি গ্রামে ইউপি সদস্যের ঘরে অভিযান পরিচালনা করে। এ সময় ২ হাজার ৪৯০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ইয়াবার বড় চালান আনেন রাসেল মেম্বার। এ খবর পেয়ে রাসেলের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।
ওসি আসাদুজ্জামান আরও বলেন, এ ছাড়াও অভিযানে তাদের কাছ থেকে বগি দা, চাইনিজ কুড়াল, রামদা এবং করাত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই গোবিন্দ চন্দ্র দাস বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা করেছেন।
পুলিশ আরও জানায়, ইয়াবা বিক্রির জন্য লোকালয় থেকে বিচ্ছিন্ন এলাকায় থাকতেন রাসেল মেম্বার ও তার পরিবার। পারিবারিকভাবে মাদক ব্যবসা করেন তারা।
ইউপি সদস্য রাসেলের বিরুদ্ধে মহানগর পুলিশের কাউনিয়া ও কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে ১৮টিসহ ২৩টি মামলা রয়েছে।