বাসাইল আওয়ামী লীগের দুই গ্রুপে উত্তেজনা

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের আয়োজনে সরকারের উন্নয়ন শোভাযাত্রার প্রস্তুতি সভাকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল শনিবার সকালে প্রস্তুতি সভাকে ঘিরে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের ১৫ বছরের উন্নয়ন শোভাযাত্রার প্রস্তুতি সভা আহ্বান করেন। এক পর্যায়ে সভা শুরুর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান (গাউস)-এর নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। এক পর্যায়ে প্রস্তুতি সভার আয়োজনে ব্যবহৃত কয়েকটি চেয়ার ভাঙচুর করা হলে দুই পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উপস্থিতিতে উন্নয়ন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বিএনপি-জামায়াতের লোকজন নিয়ে সরকারবিরোধী কর্মকা-ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে আমরা তা প্রতিহত করেছি।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী অলিদ ইসলাম বলেন, আমাদের সভা শুরুর দেড় ঘণ্টা আগে সভাপতি মতিয়ার রহমান ও সম্পাদক মির্জা রাজিকের নেতৃত্বে বাদলের লোকজন ১০-১৫টি চেয়ার ভাঙচুর করে। এ সময় আমাদের লোকজন উপস্থিত হলে তারা চলে যায়। পরে আমরা যথারীতি প্রস্তুতি সভা করছি। বাসাইল থানার ওসি মাজহারুল আমিন বলেন, দুগ্রুপের উত্তেজনার খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।