আগুনে পুড়ে গৃহবধূ নেভাতে এসে প্রতিবেশীর মৃত্যু

মাগুরার শ্রীপুরের কচুবাড়িয়া গ্রামে অগ্নিকা-ে গৃহবধূ ও নেভাতে এসে প্রতিবেশী বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। তারা হলেন, কচুবড়িয়া গ্রামের সবিরন বেগম (৪০) ও আরশেদ শেখ কানু (৪৫)। এ ঘটনায় আহত জাহাঙ্গীর শেখ (৪২) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, শনিবার ভোরে ওই গ্রামের আলম শেখের বাড়ির রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। পাশের বসতঘরে থাকা আলম শেখের স্ত্রী সবিরন বেগম আগুনে পুড়ে মারা যান। পরে দমকল বাহিনীর সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বসতঘর থেকে সবিরনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আগুন নেভাতে এসে প্রতিবেশী আরশেদ শেখ ও জাহাঙ্গীর শেখ বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরশেদ শেখের মৃত্যু হয়।

শ্রীপুর থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, কচুবাড়িয়া এলাকায় দুজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।