ফুটপাতে চাঁদাবাজি নিয়ে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশের ফুটপাতে চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট পথচারী আহত হয়েছেন। গতকাল রবিবার বিকেলে ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে নূর ম্যানশন, গাউছিয়া মার্কেট, তাঁতবাজার, সিটি সুপার মার্কেটসহ প্রায় ২০টি মার্কেট রয়েছে। এসব মার্কেটের সামনের ফুটপাতে অবৈধভাবে হকার বসিয়ে প্রতি মাসে প্রায় অর্ধকোটি টাকা চাঁদা আদায় হয়। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আলম শিকদার ও তার ভাই ফরহাদ শিকদার, ভুলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও তার ভাই দোলন, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিদ্যুৎ হাসান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, যুবলীগ নেতা সৌরভ, সিয়াম, কাউসারসহ কয়েকজন। বেশকিছুদিন ধরে ছাত্রলীগকর্মী ইমু ও কয়েকজন যুবলীগ নেতা মিলে ফুটপাতের চাঁদাবাজির নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আসছিল।

গতকাল বিকেলে ছাত্রলীগকর্মী ইমুর লোকজন ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল সিকদারের লোকজন রামদা, চাপাতি, ছামুরাইসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপে আটজন পথচারী আহত হয়। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’