পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রধান প্রকৌশলী মো. ইউনুচ শরীফকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খামারবাড়িসংলগ্ন জলিশা গ্রামের বাসিন্দা আবদুল জব্বার শরীফ (৪৫) নামে এক ব্যক্তি গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান প্রকৌশলীর দপ্তরে ঢুকে তাকে মারতে উদ্যত হন, গালাগাল দেন, টেবিলের গ্লাস ও কম্পিউটারের মনিটর ভাঙচুর এবং ক্যাম্পাসের বাইরে পেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ ব্যাপারে ইউনুচ শরীফ দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন।
হুমকি ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে জব্বার শরীফ বলেন, ভিন্ন একটি অভিযোগ ইউনুচ শরীফ রেজিস্ট্রারের কাছে ফরোয়ার্ড করেছেন কি না জানতে গেলে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।
দুমকি থানার ওসি আবদুল হান্নান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।